দুপচাঁচিয়ায় এক বছরে ১৬টি মোটরসাইকেল চুরি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত এক বছরে দিনের বেলায় ১৬টি মোটরসাইকেল চুরি হয়েছে। পুলিশ চোর সন্দেহে দুজনকে গ্রেপ্তার করলেও চুরি যাওয়া কোনো মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি। মোটরসাইকেল চুরির বিষয়ে এক বছরে মাত্র ছয়জন থানায় অভিযোগ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলাটি পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার কেন্দ্রবিন্দু এবং যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় গত কয়েক বছরে উপজেলা সদর ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফলে প্রতিদিন বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ উপজেলা সদরে যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহার করেন। প্রতিদিন উপজেলা পরিষদ চত্বর, দুপচাঁচিয়া নিউমার্কেট, সিও সড়কের চালপট্টি, হাসপাতাল মোড়, মেইল বাসস্ট্যান্ড, থানা বাসস্ট্যান্ড এলাকায় রাখা থাকে শত শত মোটরসাইকেল। আর সংঘবদ্ধ চোরের দল এসব স্থানে ওত পেতে থাকে, সুযোগ পেলেই তালা ভেঙে মোটরসাইকেল নিয়ে যায়। গত এক বছরে উপজেলা সদর থেকে ১৬টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে মাত্র ছয়জন থানায় অভিযোগ করেছেন।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মোটরসাইকেল ব্যবহারকারীদেরও সচেতন থাকতে হবে, নিরাপদ স্থানে মোটরসাইকেল রেখে প্রয়োজনে মোটরসাইকেলে মোটা রডের চেইন তালা ব্যবহার করতে হবে। এতে কিছুটা হলেও মোটরসাইকেল চুরি রোধ হবে।