দুপচাঁচিয়ায় খাদ্যগুদামে চাল কেনায় অনিয়মের অভিযোগ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরকারি খাদ্যগুদামে চাল কেনায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গুদামের কর্মকর্তা ও কর্মচারীরা চাল বিক্রি করতে গেলে চালকল মালিকদের হয়রানি করেন ও তাঁদের কাছ থেকে টনপ্রতি ৩০০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সুযোগে চালকল মালিকদের একটি চক্র চুক্তিবদ্ধ অন্য চালকল মালিকদের কাছ থেকে কিনে চাল খাদ্যগুদামে বিক্রি করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে দুপচাঁচিয়া উপজেলা থেকে সরকার ২৩ হাজার ৬০৮ টন চাল এবং ৪৫৩ টন ধান কিনবে। উপজেলার ৫৩০টি চালকলের মালিক খাদ্যগুদামে চাল সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গতকাল বুধবার পর্যন্ত দুই হাজার ৩১২ টন চাল সংগ্রহ করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চাল সংগ্রহ করা হবে।জানা গেছে, নিয়মানুযায়ী চুক্তিবদ্ধ একজন চালকল মালিক গুদামে নির্ধারিত পরিমাণের চাল সরবরাহ করার পর উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তাদের কাছ থেকে ডব্লিউকিউএসসি (ওজনমান পরিমাণ সনদ) নিয়ে টাকা ওঠাবেন। কিন্তু এ উপজেলায় চালকল মালিকদের একটি চক্র যাদের কাছ থেকে চাল কিনছে, তাদের চালকলের নামে উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে ডব্লিউকিউএসসি নিয়ে ব্যাংক থেকে টাকা ওঠাচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে চুক্তিবদ্ধ কয়েকজন চালকল মালিক জানান, গুদামে এক ট্রাক চাল দিতে গিয়ে সারা দিন বসে থাকতে হয়। প্রতি টনে ৩০০ টাকা করে অফিস খরচ দিতে হয়। আবার মান একটু খারাপ হলে কর্মকর্তারা সেই চাল ফেরত দেন। তবে চালকল মালিকদের ওই চক্রের সদস্যদের চাল গুদামে গেলে অতটা ঝামেলা করা হয় না। এ জন্য তাঁরা চাল সরাসরি গুদামে সরবরাহ না করে ওই চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, মেসার্স সৈকত ইন্ডাস্ট্রিজের নাজমুল হক ৮১ টন চাল বিক্রির জন্য চুক্তিবদ্ধ হলেও তিনি ২৫০ টন চাল গুদামে সরবরাহ করেছেন। একইভাবে মেসার্স পদ্মা ইন্ডাস্ট্রিজের ৬০ টন বিক্রির কথা থাকলেও প্রায় ৬০০, মেসার্স মেম্বার চালকল ২৫ টন বিক্রির কথা থাকলেও প্রায় ৪০০, মেসার্স জিন্নাহ চালকলের ৫৮ ও আশিক চালকলের ৮২ টন বিক্রির কথা থাকলেও তারা প্রায় ৩০০ টন করে চাল গুদামে সরবরাহ করেছে। মেসার্স সৈকত ইন্ডাস্ট্রিজের মালিক নাজমুল হক ও জিন্নাহ চালকলের মালিক হাফিজার রহমান মুঠোফোনে অন্য কল থেকে চাল কিনে তা গুদামে সরবরাহের কথা স্বীকারও করেছেন।উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলী বলেন, ‘সরকারের ঘরে ভালো মানের চাল সংগ্রহ হলেই যথেষ্ট। অনেক সময় মিলাররা শ্রমিকের অভাবে মানসম্পন্ন চাল উৎপাদন করতে পারেন না। আবার গোডাউনে গিয়ে চাল দেয়াটাও ভেজাল।’তালোড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) কে এম গোলাম রব্বানী জানান, যেসব চালকের সঙ্গে চুক্তি হয়েছে, তাঁদের কাছ থেকেই চাল নেওয়া হচ্ছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এ কে এম আজাদ চালকল মালিকদের কাছ থেকে টনপ্রতি ৩০০ টাকা করে নেওয়ার কথা ও চালকল মালিকদের হয়রানি করার বিষয়টি অস্বীকার করেন।বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদির মুঠোফোনে বলেন, ‘এ ধরনের বিষয় আমার জানা নেই। চুক্তিবদ্ধ মিলাররা সরাসরি খাদ্যগুদামে চাল দেবেন। বিষয়টি আমি দেখছি।’