দুপচাঁচিয়ায় খারিজ ছাড়াই জমি নিবন্ধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের খারিজ ছাড়াই জমি দলিল রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। দলিল রেজিস্ট্রি করা জমির মালিক পরবর্তী সময়ে দলিল খারিজ করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে গিয়ে আবেদন করলে সহকারী কমিশনার (ভূমি) খারিজ না করে দিয়ে দলিল ফেরত দিচ্ছেন। উপজেলা সদরের সরদারপাড়ার হারুন অর রশীদ বলেন, ‘অনেক দিন আগে খারিজ করা জায়গা কিনেছি আমার মায়ের নামে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় টাকা খাটাতে চেয়েছিলাম। এ জন্য জায়গাটি খারিজ করতে এসি (ল্যান্ড) সাহেবের চাহিদা মোতাবেক বিভিন্ন ধরনের কাগজ জমা দিয়ে মাস দেড়েক ভূমি অফিসে ঘুরেও জায়গাটি খারিজ করতে পারিনি।’ উপজেলা সদরের মেসার্স রাসেল চালকলের মালিক রেজাউল ফেরদৌস বলেন, ‘এবার প্রায় সাড়ে ১৫ লাখ টাকা খরচ করে মিল-চাতাল করেছি। জমিটি খারিজ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে চেয়েছিলাম। প্রায় চার মাস ভূমি অফিসে ঘুরেও জমি খারিজ করতে পারিনি। নিজের ব্যবসা করার মতো টাকা নেই, তাই বাধ্য হয়ে চাতাল ভাড়া দিয়েছি।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হান্নান বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের গেজেট মোতাবেক দলিল খারিজ ছাড়া কোনো জমি রেজিস্ট্রি করা যাবে না। কিন্তু এ আইনের প্রতি তোয়াক্কা না করে উপজেলা সাবরেজিস্ট্রার মহুরিদের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে দলিল রেজিস্ট্রি করে দিচ্ছেন। আর এ দলিল নিয়ে পরবর্তী সময়ে খারিজের জন্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইনের বাইরে আমার করার কিছুই নেই।’উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মঈনুল ইসলাম বলেন, ‘অফিসার রাজি না থাকলে আমরা কোনো জমিই দলিল করে দিতে পারি না। খারিজ ছাড়া যেসব জমি দলিল করা হয়েছে, তা দাতা ও ক্রেতার প্রয়োজনেই দলিল রেজিস্ট্রি হয়েছে।’উপজেলা সাবরেজিস্ট্রার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এই অফিসে যোগদানের পর কোনো অনিয়ম করে জমি রেজিস্ট্রি করিনি। আগের সাবরেজিস্ট্রাররা অনিয়ম করে থাকতে পারেন। দলিলগুলোতে তাঁদের স্বাক্ষর যাচাই করলেই কোন সাবরেজিস্ট্রারের আমলে দলিল হয়েছে, তা পাওয়া যাবে। বর্তমান এসি (ল্যান্ড) স্যার তো খারিজ করা জমি বিক্রির পর নতুন করে খারিজ করতে গেলে সে জমিও খারিজ করে দেন না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম বলেন, সরকারি কর্মকর্তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করা দরকার। এতে সাধারণ মানুষ কখনই হয়রানির শিকার হবে না।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল বলেন, সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে শুনেছি। আমি এসি (ল্যান্ড) সাহেবকে লোকজনের হয়রানির কথা বলে খারিজ সহজ করার কথা বলেছি। তিনি আমাকে আইনের বাধ্যবাধকতার কথা জানান।