দুপচাঁচিয়ায় চায়ের দোকানি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আটগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক চায়ের দোকানি খুন হয়েছেন। তাঁর নাম বিনছের প্রামাণিক ওরফে চারু (৩৬)। আজ সোমবার সকালে তাঁর বাড়ির কাছেই একটি বাগান থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবার জানায়, বিনছের প্রামাণিক তাঁর বাড়ির কাছে কালকাতলা বাজারে চায়ের ব্যবসা করতেন। প্রতিদিন সকালে বাড়ি থেকে দোকানে যেতেন আর রাতে বাড়ি ফিরতেন। গতকাল রোববার রাতে বাড়ি ফেরার পর রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে কয়েক গজ দূরে একটি বাগানে স্থানীয় লোকজন তাঁর লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। দুর্বৃত্তদের ছুরির আঘাতে বিনছের পেটের ভুঁড়ি বের হয়ে আসে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহসিন আলী খুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।