দুপচাঁচিয়ায় জাপা নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভায় জাতীয় পার্টির প্রস্তাবিত পৌর শহর কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম ওরফে রাহাতকে (৩৬) কুপিয়ে হত্যা করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তালোড়া পৌর শহরে এ ঘটনা ঘটে৷
পুলিশ বলছে, জাল টাকা নিয়ে বিরোধের জের ধরে যুবদল-ছাত্রদলের হামলায় আরিফুল খুন হয়েছেন৷
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বলেন, কয়েক দিন আগে এক হাজার টাকার একটি জাল নোট নিয়ে আরিফুলের সঙ্গে স্থানীয় এক যুবদল নেতার বিরোধ বাধে৷ বিষয়টি গতকাল মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা আরিফুলের ওপর হামলা করেন। তাঁরা আরিফুলকে কুপিয়ে জখম করলে সঙ্গে সঙ্গে আরিফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ রাতে তিনি মারা যান।
ওসি আরও বলেন, হামলাকারীদের সম্পর্কে পুলিশ নিশ্চিত তথ্য পেয়েছে৷
দুপচাঁচিয়া উপজেলা জাপার সদস্যসচিব মোহাম্মদ আলী আরিফুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।