দুপচাঁচিয়ায় জামায়াতের তাণ্ডব চার মামলার অভিযোগপত্র
বগুড়ার দুপচাঁচিয়ায় গত বছরের ৩ মার্চ জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলার চারটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াতের নেতা আবদুল গনি মণ্ডলকে আসামি করে চলতি বছরের ১৫ মার্চ অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আদালত চলতি মাসের প্রথম সপ্তাহে অভিযোগপত্র গ্রহণ করেছেন।
দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) মহসিন আলী বলেন, মামলাগুলোর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের নামে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন।
থানা সূত্র জানায়, পুলিশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খানের দুটি, সাধারণ সম্পাদক ফজলুল হকের একটি এবং আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাকের করা একটি মামলায় এ অভিযোগপত্র দাখিল করে। এসব মামলার প্রত্যেকটিতে ১৮৪ জন করে আসামি করা হয়। এর মধ্যে চারটি মামলার অভিযোগপত্রেই উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডলকে হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় দেন। ওই বছরের ২ মার্চ রাতে চাঁদে সাঈদীকে দেখার গুজব ছড়িয়ে মুঠোফোনে খবর এবং গ্রাম-গঞ্জের বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এরপর ৩ মার্চ সকালে দুপচাঁচিয়া উপজেলা সদরে জামায়াত-শিবিরের নেতৃত্বে কয়েক হাজার লোক মিছিল করে তাণ্ডব চালায়। এসব ঘটনায় দুপচাঁচিয়া থানায় ১১টি মামলা দায়ের করেন থানার পুলিশ কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। এর মধ্যে একটি মামলা দ্রুত বিচার আইনে এবং বাকিগুলো লুটপাট ও বিস্ফোরক দ্রব্য আইনে করা হয়।