দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত আহত ২০
বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার সিও বাসস্ট্যান্ডে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার জয়পুরপাড়ার ইয়াছিন আলী প্রামাণিক (৭০) ও তালোড়া ইউনিয়নের নলঘরিয়া গ্রামের লুৎফন নেছা (৪৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া থেকে আসা একটি মিনিট্রাক মেইল বাসস্ট্যান্ড পার হয়ে বেপরোয়াভাবে যাওয়ার সময় সিও বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি ছিটকে একটি রিকশাভ্যানের ওপর গিয়ে পড়ে। এরপর ওই ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একের পর এক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাস, তিনটি ভটভটি, চারটি রিকশা ভ্যানকে ধাক্কা দিয়ে থেমে যায়। এ ঘটনায় ২০ জন আহত হন। মারাত্মক আহত সাতজনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজন মারা যান। অন্যদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন ওই ট্রাকটি ভাঙচুর করেন ও তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে এলে বিক্ষুব্ধ জনতা তাঁদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম আহত হন। এ সময় বগুড়া-নওগাঁ সড়ক প্রায় এক ঘণ্টা যান-চলাচল বন্ধ থাকে।