দুপচাঁচিয়ায় দুই ভাইকে কুপিয়ে টাকা ছিনতাই
বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকায় দুই ভাইকে কুপিয়ে ২৩ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত রোববার রাতে দুপচাঁচিয়া-ভাতহান্ডা রাস্তায় এ ঘটনা ঘটে। এতে তাঁরা দুজনই আহত হন। আহত ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে শাহেদ আলী (২৮) ও কায়েজ আলী মণ্ডল (২৪)। তাঁরা দুজনই ব্যবসা করেন। এঁদের মধ্যে কায়েজকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শাহেদ দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।দুপচাঁচিয়া থানা সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টায় উপজেলা সদরের সিও বাসস্ট্যান্ডে অবস্থিত নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কায়েজ ও শাহেদ মোটর-সাইকেলযোগে দুপচাঁচিয়া-ভাতহান্ডা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ঠাকুরপুকুর বাবুর বাগান এলাকায় একদল দুর্বৃত্ত পথরোধ করে তাঁদের কোপাতে থাকে। একপর্যায়ে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা তাঁদের কাছে থাকা ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে আহত ব্যক্তিদের ভাই কামরুল ইসলাম মণ্ডল বাদী হয়ে রোববার রাতেই ১৪ জনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই পৌর শহরের সিও বাসস্ট্যান্ড এলাকা থেকে শাহ আলম (৩৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।