দুপচাঁচিয়ায় দুই মেয়র প্রার্থী জেলহাজতে
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম ও খন্দকার আবদুল জলিল দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার আসামি। গতকাল তাঁরা আদালতে জামিন নিতে গেলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।তবে তাঁদের পক্ষ থেকে দুপচাঁচিয়া নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। নজরুল ইসলাম জামায়াতের রুকন (সদস্য) এবং উপজেলার মজলিশে শুরার সদস্য। আর খন্দকার আবদুল জলিল বিএনপির পৌরসভার সাধারণ সম্পাদক।গত ৩ মার্চ জামায়াতের ডাকা হরতালে আওয়ামী লীগের দুপচাঁচিয়া ও তালোড়ার কার্যালয়, সভাপতির বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ সিপিবির সম্পাদকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় ১০টি মামলা দায়ের করা হয়। এর একটি দ্রুত বিচার আইনের মামলার বাদী হন তালোড়ার অতিরিক্ত পৌর প্রশাসক ও আওয়ামী লীগের পৌরসভার সভাপতি আমিরুল ইসলাম। তিনি এবার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। দায়ের করা সব কটি মামলায় নজরুল ইসলাম ও খন্দকার আবদুল জলিল আসামি ছিলেন।