দুপচাঁচিয়ায় দুটি দোকান থেকে অর্ধলক্ষ টাকা লুট
দুপচাঁচিয়া পৌর এলাকার পুরাতন বাজার স্বর্ণপট্টির একটি স্বর্ণের দোকান ও বেকারিতে বুধবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৪৯ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।নৈশপ্রহরী, বেকারির শ্রমিক ও স্বর্ণের দোকানের কারিগর সূত্রে জানা গেছে, বুধবার রাত আড়াইটার দিকে ডাকাতেরা নৈশপ্রহরী আকবর আলী ও নাহার বেকারির শ্রমিকদের অস্ত্রের মুখে আটক করে। এরপর তারা বেকারি থেকে ২৯ হাজার টাকা ও মাতৃ জুয়েলার্সের দরজার ১২টি তালা ভেঙে ২০ হাজার টাকা লুট করে। পরে ডাকাতেরা স্বর্ণের দোকানের সিন্দুকটি ট্রাকে করে নিয়ে যেতে সিন্দুকটি রাস্তায় বের করে।টের পেয়ে দোকানের কারিগরেরা দোকানের চালের ওপর উঠে ডাকাতদের ওপর এসিড নিক্ষেপ করেন। এ সময় ডাকাতেরা কয়েকটি গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে সিন্দুক ফেলে ট্রাকে করে পালিয়ে যায়। পুলিশ রাতেই ওই এলাকা থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি তাজা ককটেল উদ্ধার করেছে।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, ‘রাতেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ততক্ষণে ডাকাতেরা পালিয়ে গেছে। এ ঘটনায় মাতৃ জুয়েলার্সের পক্ষে একটি মামলা করা হয়েছে।’