দুপচাঁচিয়ায় ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদ্রাসার এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, মেয়ের বাবা বাদী হয়ে মাদ্রাসার ছাত্র সামিউলকে (১৮) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সামিউল ও তাঁর পরিবারের লোকজন পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, উপজেলার গুনাহার ইউনিয়নের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দাখিলের ছাত্র সামিউল হকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সামিউল ইউনিয়নের উনাহত সিংড়া গ্রামের বাসিন্দা। গত ১৮ এপ্রিল সামিউল বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করে। এরপর আর তাকে বিয়ে করতে না চাওয়ায় বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিস হয়। সামিউলের বাবা সালিস না মানায় মেয়েটি গত সোমবার বিষপান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।