দুপচাঁচিয়ায় পিআইও কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ভাঙচুর ও কাগজপত্র তছনছের ঘটনা ঘটেছে। টেস্ট রিলিফের (টিআর) সরবরাহপত্র (ডিও) না পেয়ে গতকাল সোমবার দুপুরে যুবলীগ ও শ্রমিক লীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা যুবলীগের সহসভাপতি রেজানুর রহমান গতকাল দুপুরে চামরুল ইউনিয়নের কোলগ্রাম কালীমন্দিরের নামে বরাদ্দ করা টিআরের ডিও ফরম নিতে পিআইও কার্যালয়ে যান। পিআইও কামরুল হাসান ফরমটি তাঁদের হাতে না দিয়ে প্রকল্পের সভাপতির কাছে দেওয়ার কথা বললে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে যুবলীগ ও শ্রমিক লীগের নেতারা পিআইওর টেবিলের গ্লাস ভাঙচুর ও পিআইওকে লাঞ্ছিত করার চেষ্টা চালান। এ বিষয়ে উপজেলা যুবলীগের সহসভাপতি রেজানুর রহমান মুঠোফোনে বলেন, ‘পিআইও প্রকল্পের ডিও ফরম নিতে প্রকল্পের সভাপতি জিতেন্দ্রনাথ শীলের কাছে টাকা চান। তাঁর অভিযোগের ভিত্তিতেই আমরা অফিসে গিয়ে ডিও ফরম নিতে গিয়েছিলাম।’ তবে পিআইও কামরুল হাসান বলেন, তাঁরা জোর করে ডিও ফরম নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।