দুপচাঁচিয়ায় পিআইও কার্যালয়ে হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যা-লয়ে যুবলীগ ও শ্রমিক লীগের নেতাদের হামলার ঘটনায় গত সোমবার রাতে পিআইও কামরুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন বগুড়া জেলা যুবলীগের সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মেদুর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি রেজানুর রহমান ও পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত সোমবার দুপুরে উপজেলা যুবলীগের সহসভাপতি রেজানুর রহমান এবং পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ চামরুল ইউনিয়নের কোলগ্রাম কালীমন্দিরের নামে বরাদ্দ করা টেস্ট রিলিফের (টিআর) সরবরাহপত্র (ডিও) নেওয়ার জন্য পিআইওকে চাপাচাপি করেন। পিআইও ওই প্রকল্পের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ শীল ছাড়া অন্য কারও কাছে সরবরাহপত্র দেওয়া যাবে না বলে তাঁদের জানান। এতে নেতারা ক্ষিপ্ত হয়ে ওই কার্যালয়ে হামলা চালান। উপজেলা যুবলীগের সভাপতি শাহিদুর রহমান অভিযোগ করেন, ‘পিআইও প্রতিটি প্রকল্পের ডিও নিতে প্রকল্পের চেয়ারম্যানদের কাছ থেকে টাকা দাবি করেন। এ অভিযোগ পেয়ে যুবলীগের নেতারা পিআইও অফিসে গিয়ে প্রতিবাদ করেছেন মাত্র। এর জন্য তাঁদের বিরুদ্ধে মামলা করা উচিত হয়নি।’ দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘পিআইও অফিসে হামলা করার অভিযোগে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’