দুপচাঁচিয়ায় পুকুর দখল ও মাছ লুটের অভিযোগ
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় পোড়াঘাটা গ্রামের মোহাম্মদ আলীর পুকুরের একটি অংশ দখল করে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। একই সঙ্গে তাঁরা ওই পুকুর থেকে ১০ মণ মাছ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মোহাম্মদ আলী প্রামাণিক সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তালোড়ার পোড়াঘাটা গ্রামের মোহাম্মদ আলীর পৈতৃক সূত্রে পাওয়া ৭৬ শতক পুকুর এবং ওই পুকুরের ১১ শতক জলা বিভিন্ন লোকজনের কাছ থেকে পত্তন নিয়ে মাছের চাষ করেন। পুকুরের জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে মোহাম্মদ আলীর বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে স্থানীয় আলাউদ্দিন, আকরাম হোসেন ও দুলাল হোসেনসহ কয়েকজন মোহাম্মদ আলীর পুকুর থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ লুট করে নিয়ে যায়। পরে তাঁরা পুকুরের প্রায় ২১ শতক জমি জাল দিয়ে ঘিরে দখল করে নেয়। আলাউদ্দিন বলেন, ‘দাদার পৈত্রিক সূত্রে অংশীদার হিসেবে আমরা মোহাম্মদ আলীর কাছ থেকে জমির ভাগ পাব। সেই সঙ্গে ওই পুকুরেরও অংশ পাব। মোহাম্মদ আলী টালবাহানা করে আমাদের পাওনা অংশ দেননি। তাই আমরা পুকুরের ২১ শতক জমি জাল দিয়ে ঘিরে নিয়েছি।’