দুপচাঁচিয়ায় বই না পেয়ে কেঁদেছে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এবার ‘বই উৎসব’ অনুষ্ঠানে নতুন বই পায়নি প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুরা। এ উপজেলায় এবার প্রাক-প্রাথমিক শ্রেণির বই আসেনি। আশা নিয়ে এসে বই না পেয়ে অনেক শিশুর চোখেই ছিল পানি। গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব শিশুরা বই পায়নি।

উপজেলার ১০ থেকে ১২ জন প্রধান শিক্ষক বলেন,  বছরের প্রথম দিন অন্য শিক্ষার্থীর মতো প্রাক–প্রাথমিকের শিশুদের হাতেও বই তুলে দেওয়া হয়। কিন্তু এবার বছরের প্রথম দিন অনেক অভিভাবক বাচ্চাদের নিয়ে বই নিতে এসে ফিরে গেছেন। এসময় অনেক শিশু শিক্ষার্থী নতুন বই না পেয়ে কান্নাকাটি শুরু করে।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় ৮৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে গড়ে ৩০ সেট করে প্রাক-প্রাথমিক শ্রেণির বই বিতরণ করা হয়। এ শ্রেণিতে একটিমাত্র পাঠ্যপুস্তক ‘আমার বই’ ও একটি ‘নির্দেশিকা খাতা’ দেওয়া হয়।

উপজেলার ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, বছরের শুরুতেই প্রাক-প্রাথমিক শ্রেণির বই আসে। শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য ওই দিন উৎসবমুখর পরিবেশে তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। কিন্তু এবার বই না আসায় বিড়ম্বনায় পড়তে হয়েছে।

ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের জন্য বই নিতে এসে খালি হাতে ফিরে যান চকরামপুর গ্রামের সবুজ প্রামাণিক। তিনি বলেন, ‘নতুন বছরে নতুন বই পাবার আসায় স্কুলে বাচ্চাকে নিয়ে যাই। বই না পেয়ে বাচ্চা কান্নায় ভেঙে পড়ে। অন্যদের মতো তাকে কেন নতুন বই দেওয়া হয়নি, এ নিয়ে বাচ্চা জেদ শুরু করে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন বলেন, প্রাক-প্রাথমিক শ্রেণির বই ও খাতা শিশুদের হাতে দেওয়া হয় না। ওরা প্রতিদিন বিদ্যালয়ে এলে শিক্ষকেরা ওদের হাতে বই দিয়ে পড়ানোর নিয়ম। প্রতিবারেই বছরের শুরুতে প্রাক-প্রাথমিক শ্রেণির বই এলেও এবার কেন আসেনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু এই উপজেলায় নয়, গোটা জেলাতেই এবার এ বই আসেনি।’

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ শ্রেণিতে বছরের শুরুতে ভর্তি করানো হয়। তারপর চাহিদাপত্র মোতাবেক বই আসে। জেলাতে বই না আসায় উপজেলায় বই সরবরাহ করা হয়নি। তবে দু-এক দিনের মধ্যেই বই চলে আসবে।