দুপচাঁচিয়ায় বিএনপির সাবেক সভাপতি খুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবদুল লতিফ (৫০) গতকাল শুক্রবার রাত সোয়া আটটার দিকে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। পৌর এলাকার চকসুখানগাড়ী গ্রামে তাঁর বাড়ি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবদুল লতিফ রাতে বাড়ির কাছে থানা মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে থানার সীমানাপ্রাচীরের কাছে কিছু দুর্বৃত্ত পেছন থেকে তাঁকে লক্ষ্য করে ফলা (শুলপি) মারার সঙ্গে সঙ্গে তিনি রাস্তার ওপর পড়ে যান। রক্তাক্ত অবস্থায় বাড়ির কাছে দৌড়ে গিয়ে তিনি চিৎকার দিয়ে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা প্রাইভেট কারযোগে দ্রুত পালিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরপরই বগুড়া সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আশরাফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ খবর লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তাঁর মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে রাতেই শত শত মানুষ তাঁর বাড়িতে ভিড় জমায়। ওসি মোজাম্মেল হক বলেন, বিদ্যুৎ না থাকায় দুর্বৃত্তরা এ সুযোগে ওত পেতে থেকে তাঁর পিঠে ধারালো শুলপি মারায় তিনি মারা যান। দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে রাজনীতির যোগসূত্র ধাকার সম্ভাবনা কম। ব্যবসায়িক কারণে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।