দুপচাঁচিয়ায় বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ ওএইচকেএম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সাতজন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের দুজন সভাপতি ও প্রধান শিক্ষক মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। নিয়োগ পাওয়া সাতজনের কাছ থেকে বিদ্যালয়ের তহবিলের নামে ওই অর্থ আদায় করা হয়।নিয়োগ-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত তিন মাসে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা পাল্টাপাল্টি পাঁচটি মামলাও করেছেন। জেলা শিক্ষা কর্মকর্তা ছামছুল আলম জানান, শিক্ষক নিয়োগ-বাণিজ্য নিয়েই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে ২০০৯ সালে পরিচালনা পর্ষদের সভাপতি নিযুক্ত হন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর মেয়াদে বিদ্যালয়ে দুজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। গত বছরের শুরুর দিকে পৌর বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম খান পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। তাঁর সময়েও মোটা অঙ্কের টাকা নিয়ে বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে।আবদুর রশিদের পক্ষের স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত বছরের আগস্টে নিয়োগের বিনিময়ে শিক্ষকদের কাছ থেকে আদায় করা অর্থ আত্মসাতের অভিযোগ তুলে প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগের দাবি করেন এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। প্রধান শিক্ষক বিদ্যালয়ে ঢুকতে না পেরে ১১ সেপ্টেম্বর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পরিচালনা পর্ষদের তৎকালীন সদস্য (বর্তমান সভাপতি) ইব্রাহিম আলীসহ পরিচালনা পর্ষদের আওয়ামী লীগের সমর্থক দুজন সদস্য এবং আওয়ামী লীগের স্থানীয় তিনজন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদা দাবির মামলা করেন।এর ২৫ দিনের মাথায় আওয়ামী লীগের কর্মী ইদ্রিস আলী শ্রমিক দলের স্থানীয় ১২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এভাবে গত সেপ্টেম্বর থেকে তিন মাসে পাল্টাপাল্টি পাঁচটি মামলা করেন উভয় দলের নেতা-কর্মীরা। মামলায় দুই দলের ২৭ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে নিয়োগ পাওয়া একাধিক শিক্ষক জানান, বিদ্যালয়ের উন্নয়নের কথা বলেই তাঁদের কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা করে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের তহবিলে ওই টাকা জমা না দেওয়ায় প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষকদের সম্পর্কে চিড় ধরেছে।পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মনিরুল ইসলাম খান শিক্ষক-কর্মচারী নিয়োগে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। আর বর্তমান সভাপতি ইব্রাহিম আলী বলেন, ‘সাতজন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন পরিচালনা পর্ষদের দুজন সাবেক সভাপতি এবং প্রধান শিক্ষক। ওই শিক্ষকেরা টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। প্রধান শিক্ষকের কাছ থেকে ওই টাকা আদায় করতে না পারলে আমি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, ‘শিক্ষক নিয়োগে মোটা অঙ্কের টাকা নিয়ে আমাকে ব্যবহার করেছেন সাবেক দুই সভাপতি। বিদ্যালয়ের তহবিলে কোনো টাকা তাঁরা জমা দেননি।’