দুপচাঁচিয়ায় ব্যবসায়ী খুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের বারাহি গ্রামে গত বুধবার রাতে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিজানুর বারাহি গ্রামের মৃত আতরাজ আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, মিজানুর রহমান বুধবার রাত ১১টার দিকে একই এলাকার ছোট নিলহালি বাজারে ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বারাহি-জিয়ানগর রাস্তার চেংগারা নামক স্থানে দুর্বৃত্তরা তাঁকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত ও জবাই করে। তাঁর চিৎকারে আশপাশের গ্রামের লোকজন এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।পুলিশ রাতেই অভিযান চালিয়ে বারাহি গ্রামের বায়েজিদ (২২), আকামুদ্দিন (৫৫) ও ছোট নিলহালী গ্রামের মোফাজ্জলকে (৩৫) গ্রেপ্তার করে।মিজানুরের বড় ভাই জুলফিকার আলী নয়জনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ঘটনার পরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।লাশ উদ্ধারশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, উপজেলার সিঙ্গারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (২৫) মঙ্গলবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হন। বুধবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার একটি কলাবাগানের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোসলেম উদ্দিন বলেন, এ মৃত্যুর প্রকৃত কারণ বের করার জোর চেষ্টা চলছে।