দুপচাঁচিয়ায় ব্যবসায়ী শ্রমিকদের মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চাল ব্যবসায়ী, ট্রাক শ্রমিক ও আড়তদার শ্রমিকদের মানববন্ধনে গতকাল বুধবার পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ী ও শ্রমিকদের কাছে ভুল স্বীকার করে অভিযুক্ত পুলিশকে প্রত্যাহার (ক্লোজ) করার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যবসায়ী ও শ্রমিকেরা পূর্বনির্ধারিত সময়ে দুপচাঁচিয়া সিও অফিস এলাকার বাসস্ট্যান্ড থেকে বন বিভাগ পর্যন্ত সড়কের এক পাশে মানববন্ধন শুরু করেন। ১০-১৫ মিনিট পরে পুলিশ এসে ব্যানার কেড়ে নেয় ও তাঁদের লাঠিপেটা করে। এতে চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলী, ব্যবসায়ী আবদুল মজিদ, ফায়জুল ইসলাম ও রানা আহত হন।