দুপচাঁচিয়ায় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক লিমিটেডের আলতাফনগর শাখার সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যাংকের ৩৩ লাখ টাকা আত্মসাৎ এবং গ্রাহকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। ব্যাংক ও গ্রাহকদের একটি সূত্র জানায়, শাখার ব্যবস্থাপক, জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা (এসপিও) ফরিদ উদ্দিন ২০০৭ সালে ওই শাখায় যোগ দেন। তিনি যোগদানের পর ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রায় দুই শতাধিক লোককে ঋণ দেন। কিছু ঋণ দেওয়ার সময় ভুল নাম-ঠিকানা ব্যবহার করে এবং মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় করে তা ব্যাংকে জমা না দিয়ে তিনি প্রায় ৩৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে গত মাসেই ফরিদ উদ্দিনের ক্ষমতা খর্ব করে অপর এক কর্মকর্তাকে তাঁর স্থানে প্রেষণে নিয়োগ দেয় এবং ফরিদ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে। এদিকে ওই কর্মকর্তা এ বছর আগস্টে অবসরে যাওয়ার কথা থাকায় ব্যাংক কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে একটি মুচলেকা নিয়েছে। তাতে অবসরে যাওয়ার পর তাঁর প্রাপ্য থেকে ক্ষতির টাকা কেটে নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে ফরিদ উদ্দিন ইতিমধ্যে স্বেচ্ছায় অবসরের আবেদন জমা দিয়ে এখন আর ব্যাংকে আসছেন না। ব্যাংকের গ্রাহক স্থানীয় ব্যবসায়ী সামছুর রহমান বলেন, ‘ব্যবস্থাপকের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি তাঁকে ৪৬ হাজার টাকা ধার দিয়েছি। এর বিপরীতে তিনি আমাকে একটি চেক দেন। কিন্তু তাঁর একাউন্টে টাকা না থাকায় তুলতে পারিনি।’ নিরেন চন্দ্র সাহা নামের এক ব্যক্তি বলেন, ‘ছাগল পালনের নামে ২১ হাজার টাকা ঋণ নিয়েছিলাম, তা শোধও করেছি। কিন্তু আমার নামে ৪২ হাজার টাকা শোধের নোটিশ দিয়েছে ব্যাংক।’প্রেষণে দায়িত্ব পাওয়া ব্যবস্থাপক এনামুল হক বলেন, ‘আমি শাখায় যোগদানের পর পরই নিয়ম অনুসারে গ্রাহকদের কাছে স্থিতি নিশ্চয়তাপত্র (বিসিসি) পাঠিয়েছি। ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ব্যাংকের ৩৩ লাখ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এদিকে ফরিদ উদ্দিনের সঙ্গে বেশ কয়েকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। রূপালী ব্যাংক বগুড়ার আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সেকেন্দার আলী জানান, ওই ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়মের প্রাথমিক তদন্ত শেষ করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। এলাকায় গিয়ে স্থানীয় গ্রাহকদের সমস্যা শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই গ্রাহকদের ক্ষতি করা হবে না।