দুপচাঁচিয়ায় রাতে ট্রাকে চাঁদাবাজির সময় অবরোধকারী আহত
বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় গত বৃহস্পতিবার রাতে যানবাহন আটকে চাঁদা তোলার সময় রুস্তম আলী (২২) নামের এক অবরোধকারী আহত হয়েছেন। এ ঘটনার পরপরই অবরোধকারীরা তিনটি যানবাহন ভাঙচুর করেছে।
রুস্তম আলী উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদের ভাগনে এবং ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গ্রেপ্তারের ভয়ে তাঁকে অন্যত্র নিয়ে চিকিৎসা করানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুস্তম আলী তাঁর দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে এসে চলন্ত একটি ট্রাকের গতিরোধ করার চেষ্টা করেন। ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় রুস্তম আলী ট্রাকের ধাক্কায় সড়কের পাশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন জানান, এ সড়কে অবরোধের সময় অবরোধকারীরা প্রতি রাতেই যানবাহন থামিয়ে চাঁদাবাজি করে থাকে। গত ২৫ ডিসেম্বর প্রথম আলোয় ‘দিনে অবরোধ রাতে চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান বলেন, রুস্তম আলী ছাত্রদলের কোনো পদে নেই। তিনি বিএনপির সভাপতির দাপটে অবরোধ-হরতালে অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ বলেন, বিরোধীদলীয় নেতা-কর্মীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে যানবাহনে বাধা দিতে গিলে এ দুর্ঘটনা ঘটেছে। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, পুলিশ জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালালে তারা পালিয়ে যায়।