দুপচাঁচিয়ায় সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দুই সপ্তাহ ধরে সার না পেয়ে গতকাল মঙ্গলবার কয়েক শ কৃষক উপজেলার জিয়ানগর ও চামরুল ইউনিয়নে সারের ডিলারের দোকানের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় ডিলাররা দোকান বন্ধ করে পালিয়ে যান।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা জিয়ানগর বাজারে গেলে বিক্ষুব্ধ কৃষকেরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। কয়েক ঘণ্টা পর এক ট্রাক সার এনে পুলিশ প্রহরার তা বিতরণ করলে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলার জিয়ানগর ইউপির চেয়ারম্যান বাবুল হোসেন ও চামরুল ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, স্থানীয় ডিলাররা রাতের অন্ধকারে সার এনে গোপনে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছেন। এ কারণে কৃষকেরা সার পাচ্ছেন না।
ইউএনও সাইফুর রহমান খান বলেন, টানা হরতাল ও অবরোধের কারণে ডিলাররা সার আনতে না পারায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে কৃষকেরা যেন সহজে সার পান, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিলাররা সার অন্যত্র বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।
জিয়ানগর ইউনিয়নের দিঘীরপাড়ার কৃষক ইছাহাক, চামরুল ইউনিয়নের কোলগ্রামের খোরশেদ আলীসহ বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেন, দুই সপ্তাহ ধরে তাঁরা স্থানীয় ডিলারদের কাছে কোনো সার পাননি। তবে বাজারে খুচরা বিক্রেতাদের কাছ থেকে ড্যাপ (ডাই অ্যামোনিয়াম ফসফেট) আমেরিকান সারের প্রতি বস্তা এক হাজার ৫০০ টাকা থেকে এক হাজার ৫৫০ টাকা, পটাশ ৭৯০ টাকা, টিএসপি এক হাজার ২০০ টাকা, ইউরিয়া এক হাজার ২০০ টাকা দরে পাওয়া যাচ্ছে।
দুপচাঁচিয়ার জিয়ানগর বাজারে অবস্থিত মেসার্স খান ট্রেডার্সের ডিলার হাছেন খান সার পাচারের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হরতালের কারণে সার আনতে পারিনি। এখন পরিবহনভাড়া আগের চেয়ে তিন গুণ বেশি। দুই দিন আগে অল্প কিছু সার এনেছি। কিন্তু কৃষকদের চাপের মুখে ম্যানেজার দোকান বন্ধ করেছেন।’