দুপচাঁচিয়ায় সোনালী ব্যাংকে লেনদেন বন্ধ তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক বগুড়ার দুপচাঁচিয়া শাখায় তিন দিন ধরে গ্রাহকেরা টাকা পাচ্ছেন না। প্রতিদিন সকাল থেকে শত শত গ্রাহক ব্যাংকে টাকা নিতে এসে ফিরে যাচ্ছেন। গ্রাহকদের চাপের মুখে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের প্রধান ফটকে তালা দিয়েছে। নেটওয়ার্ক সিস্টেমে ত্রুটির কারণে এ অবস্থা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
ব্যাংকে টাকা নিতে আসা মেসার্স খাজা চালকলের মালিক নাজমুল আরেফিন বলেন, গত রোববার থেকে ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। এ জন্য ব্যাপারী ও পাইকারি ব্যবসায়ীদের টাকা দেওয়া যাচ্ছে না। একই অভিযোগ করেন মেসার্স ঢাকা রাইস এজেন্সির মালিক ফরিদ মোল্লা, গুড় ব্যবসায়ী মতিউর রহমান, বিসমিল্লাহ রাইচ এজেন্সির মালিক পিয়ার আলী।
ব্যাংকের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই শাখায় প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হয়। কিন্তু সার্ভার সিস্টেমে ত্রুটির কারণে রোববার থেকে গ্রাহকেরা হয়রানির শিকার হচ্ছেন। ব্যাংকের নিরাপত্তার কারণেই মেইন গেট তালাবদ্ধ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।
শাখার ব্যবস্থাপক আবদুল হান্নান বলেন, কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) ত্রুটির কারণে বাইরে থেকে টাকা আসছে না। অনলাইনে টিটিও করা যাচ্ছে না। এমনকি ছোটখাটো চেকের টাকাও দেওয়া যাচ্ছে না।
সোনালী ব্যাংকের বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ইসমাইল হোসেন মুঠোফোনে বলেন, ‘সারা দেশে ৫০৪টি শাখায় সিবিএস চালু আছে। হেড অফিসের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখায় ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে। দুঃখ প্রকাশ করা ছাড়া স্থানীয়ভাবে আমাদের করার কিছুই নেই।’