দুপচাঁচিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার তিনজন গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা, ভাই ও ভগ্নিপতিকে গ্রামবাসী আটক করে পিটুনি দেওয়ার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আমষট্ট গ্রামের ওই ছাত্রী গত শনিবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মাঝিন্দা গ্রামের মজিবর রহমানের ছেলে সোহাগ হোসেন (১৬) সহযোগীদের নিয়ে আমষট্ট-সাহারপুকুর রাস্তা থেকে তাকে অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। সোহাগ রাতে তাদের বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরের দিন ভোরে সোহাগ মেয়েটিকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।সোহাগের বাবা মজিবর রহমান, ভাই সুমন আলী ও ভগ্নিপতি শাপলা হোসেনকে গতকাল আমষট্ট বাজারে পেয়ে এলাকাবাসী আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে সোহাগ, তার বাবা, ভাই ও ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করেছেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে সোহাগের বাবা, ভাই ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করা হয়েছে।