দুপচাঁচিয়ায় ৫ প্রার্থী ভোট পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্যপদে পাঁচজন প্রার্থী তাঁদের নিজেদের প্রতীকেও সিল মারেননি। গত শনিবার উপজেলার পাঁচটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কার্যালয়ের বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জিয়ানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী গোলাম রসুল (ফুটবল), ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছামছুল হক (তালা), গোবিন্দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ইয়াছিন সরকার (বৈদ্যুতিক পাখা) একই ওয়ার্ডের দেলোয়ার হোসেন (তালা) এবং ৮ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন (ফুটবল) একটি ভোটও পাননি।

ওই সব ওয়ার্ডের কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রার্থী কিংবা তাঁদের পরিবারের লোকজনই বা কেমন যে নিজেদের ভোটও নিজেদের প্রতীকে নিতে পারেননি।’ ভোট না পাওয়া প্রার্থী দেলোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই প্রার্থীরা জামানতের টাকা ফেরত পাবেন না।