দুপচাঁচিয়ায় 'চড়ক' খেলা অনুষ্ঠিত
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া ইউনিয়নের ফেঁপিড়া গ্রামে গত সোমবার বিকেলে চড়ক খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ লোকজ এ উৎসবকে কেন্দ্র করে এদিন স্থানীয় জনপ্রতিনিধিসহ আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার নরনারী ভিড় করেন। খেলাটি গ্রামের একটি মন্দিরের পাশের খোলা স্থানে হয়।
ফেঁপিড়া গ্রামে এ চড়ক খেলার আয়োজকদের অন্যতম শ্রীচরণ দাস বলেন, সনাতনী পঞ্জিকা মতে শুভ দিন দেখে সপ্তাহের শনিবার অথবা মঙ্গলবার মঙ্গল ঘট স্থাপন করা হয়। ঘট স্থাপনের পর ভরণপূজা ও তারপর শুরু হয় শ্মশান খেলা। এরপর গত সোমবার দুপুর থেকে সন্ন্যাসীরা নামেন চড়ক খেলায়। এ খেলায় বিশেষভাবে পিঠের চামড়ায় বড়শি গেঁথে সন্ন্যাসীরা দড়ির সাহায্যে বনবন করে ঘোরেন উঁচু গাছের মাথা থেকে।
এবার রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার সন্ন্যাসী সুশান্ত মহন্ত এ চড়ক খেলা দেখিয়ে উপস্থিত দর্শকের প্রশংসা কুড়ান। এ খেলা উপলক্ষে আসা আরও দুজন সন্ন্যাসী সিংড়ার লালো এলাকার বাবুল ও নন্দীগ্রামের অজিত প্রামাণিক বলেন, এ চড়ক পূজা করতে হলে শিব, কালীসহ বিভিন্ন দেবীর বন্দনা করতে হয়। আর চড়ক খেলায় এসব দেবতার আশীর্বাদের পাশাপাশি তন্ত্রমন্ত্রের বিশেষ ভূমিকা রয়েছে।
মেলায় উপস্থিত তালোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরুল ইসলাম বলেন, ‘সেই ছোটবেলায় এ খেলা দেখেছি। অনেক দিন পর এ ধরনের খেলা দেখলাম।’