দুপুর পর্যন্ত রায়ের খবর পাননি কাদের মোল্লা

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা কাশিমপুর কারাগারের পার্ট-২-এ আছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁকে রায়ের খবর জানানো হয়নি।
কাশিমপুর কারাগারের পার্ট-২-এর জ্যেষ্ঠ কারা-পরিদর্শক জাহাঙ্গীর কবির প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
ওই কারা কর্মকর্তা জানান, আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রায়ের কাগজপত্র তাঁদের কাছে এসে পৌঁছায়নি। তাই কাদের মোল্লাকে রায়ের খবরটি জানানো হয়নি। অন্য কারও কাছ থেকেও বিষয়টি জানতে পারেননি তিনি। তবে কারাগারে যাঁদের কক্ষে টিভি আছে, তাঁরা রায়টি জানতে পেরেছেন। কাগজ পাওয়ার পর কাদের মোল্লাকে রায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এরপর পরবর্তী করণীয় ঠিক হবে।
কারা-পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, কাশিমপুর কারাগারের পার্ট-২-এর ৬০ সেল ভবনে বন্দী হিসেবে কাদের মোল্লাকে রাখা হয়েছে। আজ পর্যন্ত তিনি বাগানের মালির কাজ করছেন। ফাঁসির রায়ের কাগজ পাওয়ার পর তাঁকে কনডেম সেলে নেওয়া হবে। কনডেম সেলে নেওয়ার পর তিনি আর মালি থাকবেন না।