দুপুরে আটকাল জাহাজ, রাতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চ্যানেলে গতকাল শুক্রবার কনটেইনারবাহী একটি বিদেশি জাহাজ প্রায় নয় ঘণ্টা আটকে ছিল। বেলা একটার দিকে আটকে যাওয়ার পর সেটি রাত সাড়ে নয়টার দিকে উদ্ধার করা হয়। এ কারণে দুপুর থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চ্যানেলে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।বন্দর বেতার নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ৩৭৮টি কনটেইনার নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি হ্যানজিন সেমুরাং’ বেলা একটার দিকে জেটিতে ঢুকছিল। চ্যানেলের দক্ষিণ পাশে ১ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি অগভীর এলাকায় জাহাজটি অন্য একটি নৌযানকে পাশ কাটাতে গেলে সেটি মাটিতে আটকে যায়।পরে বন্দরের উদ্ধারকারী জাহাজ নিয়ে রাতে নৌ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।গতকাল রাতে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান প্রথম আলোকে বলেন, জাহাজ উদ্ধার করে বন্দরের জেটিতে নিয়ে আসা হয়েছে। বন্দরের কর্মকর্তারা জানান, জাহাজটি যেখানে আটকে ছিল, সেখানে পানির গভীরতা কম। বন্দরের নিজস্ব পাইলট এম বদিউজ্জামান জাহাজটি জেটিতে চালিয়ে নিয়ে আসছিলেন। বিদেশি জাহাজ বহির্নোঙর ও জেটিতে আনা-নেওয়ার দায়িত্ব পালন করেন বন্দরের পাইলটরা।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জাহাজটি আটকে যাওয়ার আগে বহির্নোঙর থেকে জেটিতে আরও ১১টি জাহাজ আসা-যাওয়া করেছে।এমভি হ্যানজিন সেমুরাং জাহাজের স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান হ্যানজিন শিপিং বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক এন এস গুহ রায় প্রথম আলোকে বলেন, ১৪৪ দশমিক ৮৩ মিটার দৈর্ঘ্যের জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার নিয়ে গত বৃহস্পতিবার বহির্নোঙরে পৌঁছায়।