চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মাহবুবুল আলমকে গ্রেপ্তার করে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত৷ বিকেল সাড়ে তিনটার দিকে একই আদালত সেই দণ্ড স্থগিত করেন৷
তার আগে ওই কাউন্সিলর মাহবুবুলের সমর্থকেরা তাঁর মুক্তির দাবিতে থানা ঘেরাও করেন৷ সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কাউন্সিলর মাহবুবুলকে ছেড়ে দেওয়ার জন্য নানা তৎপরতা চালান৷ অভিযোগ উঠেছে, নানামুখী চাপের মুখেই মাহবুবুলের শাস্তি স্থগিত করতে বাধ্য হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন৷
এ বিষয়ে নাজিয়া শিরিন বলেন, ‘তাঁকে (মাহবুবুল) দুই বছরের দণ্ড দেওয়া হয়েছিল। তবে তখনো রায়টি লেখা হয়নি। এরপর করপোরেশন কর্তৃপক্ষের অনুরোধে দণ্ড স্থগিত করা হয়েছে।’ এর আগে মাহবুবুলকে গ্রেপ্তার করার সময় নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘আদালতের কার্যক্রমে বাধা দেওয়ায় কাউন্সিলরকে গ্রেপ্তার করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়৷’
সংশ্লিষ্টরা মনে করেন, নিম্ন আদালতে রায় ঘোষণার হওয়ার পর একই আদালত তা আবার স্থগিত করতে পারেন না৷ এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ বলেন, ‘রায় যদি প্রচার কিংবা স্বাক্ষর হয়ে যায়, তাহলে ওই রায় স্থগিত বা বাতিল করার কোনো সুযোগ থাকে না রায় ঘোষণাকারী বিচারকের। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিকে উচ্চ আদালতের শরণাপন্ন হতে হবে।’
বিভিন্ন সূত্রে জানা যায়, ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও টেকপাড়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান৷ এ সময় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল উচ্ছেদকাজে বাধা দেন এবং উচ্ছেদকাজে নিয়োজিত করপোরেশনের দুই নারী কর্মীকে লাঞ্ছিত করেন৷ ম্যাজিস্ট্রেট শুরুতে মাহবুবুল ও তাঁর লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তিনি যাননি৷ একপর্যায়ে ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন কাউন্সিলর মাহবুবুলের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। অভিযানের সঙ্গে থাকা পুলিশ মাহবুবুলকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে মাহবুবুলের লোকজন তাঁর মুক্তির দাবিতে চান্দগাঁও থানা ঘেরাও করেন৷ একপর্যায়ে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজমসহ তিনজন কাউন্সিলর থানায় যান৷ তাঁরা থানা থেকে মাহবুবুলকে নিয়ে নগর ভবনে মেয়র মন্জুর আলমের সঙ্গে আলোচনার জন্য যান। যাওয়ার সময় মাহবুবুল প্রাইভেট কারে ছিলেন। এর পেছনে পুলিশের দুটি পিকআপ ভ্যান ছিল। পরে বিকেল সাড়ে তিনটার দিকে কাউন্সিলর মাহবুবুলকে ছেড়ে দেওয়া হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশে থানা থেকে মাহবুবুল হককে নগর ভবনে পাঠানো হয়৷
এ বিষয়ে মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন সেটির অবসান হয়েছে।’