দুপুরে খাবার খেয়ে এক পরিবারের সাতজন অসুস্থ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মিমি সুপার মার্কেটের পাশের এক বাসার সাত সদস্য দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহপরিচারিকা শাহানা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ ধারণা করছে, দুপুরের খাবারের সঙ্গে গৃহপরিচারিকা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছে। এর পর থেকে সবার ঝিমুনি শুরু হয়। কেউ কেউ অচেতন হয়ে পড়েন। ঘটনার পর থেকে শাহানা পলাতক রয়েছে। অসুস্থ ব্যক্তিরা হলেন তামিম (৩০), আইমিল (২৫), মিলটন (২১), সোহেল (২০), জোছনা (১৮), দিপালী (৭) ও শাহেদ (১২)। মিমি সুপার মার্কেটসংলগ্ন মোল্লা ভবনের পাঁচতলায় থাকতেন তাঁরা।হাসপাতালের কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচলাইশ থানা সূত্রে জানা গেছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ১০টা) এ ঘটনায় কোনো মামলা হয়নি। ওই গৃহপরিচারিকা ঘর থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে কি না, তা-ও নিশ্চিত করা যায়নি।