দুপুরে ফখরুলের জামিন নাকচ, বিকেলে মঞ্জুর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন দুপুরে নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার তিন ঘণ্টা পর বিকেলে জামিন দিলেন একই আদালত। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে।
রাজধানীর পল্টন থানার তিনটি মামলায় আজ মির্জা ফখরুল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুপুরে মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে একটি মামলায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। বাকি দুটিতে জামিনের আবেদন নাকচ করে দুপুর একটার দিকে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মির্জা ফখরুলের আইনজীবীরা জামিন আবেদন পুনর্বিবেচনার জন্য আবেদন জানান। বিকেল চারটার দিকে শুনানি শেষে আদালত মির্জা ফখরুলের অসুস্থতা বিবেচনায় নিয়ে জামিনের আবেদন মঞ্জুর করেন।
দুপুরে আদালতের আদেশের পর পর মির্জা ফখরুলকে আদালত কক্ষ (এজলাস) থেকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এরপরই তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বিকেল চারটার দিকে আদেশের পরপরই ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নতুন মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করা হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে, তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে দেন। পরে পুনরায় জামিনের আবেদন করা হলে একই আদালত জামিনের আদেশ দেন। জামিনের আদেশ কারাগারে পাঠানো হয়েছে। আজই তিনি কারামুক্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
২০১৫ সালের জানুয়ারিতে ২০-দলীয় জোটের আন্দোলনের মধ্যে নাশকতার অভিযোগে করা তিন মামলায় মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে রুলও জারি করা হয়েছিল। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলকে জামিন দিয়ে তারপর তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেন। গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট রুল নিষ্পত্তি করে মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন। স্থায়ী জামিন না হওয়ায় এরপর আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন মির্জা ফখরুল। ওই আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ২৯ ফেব্রুয়ারি তাঁকে আত্মসমর্পণের জন্য ১৫ দিনের সময় দেন।
আরও পড়ুন: