দুপুরে বিদ্যুৎ-সংযোগ, সন্ধ্যায় সাংসদের নির্দেশে বিচ্ছিন্ন?
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের ২১টি পরিবারকে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতি-২ গুরুদাসপুর আঞ্চলিক কার্যালয়ের লোকজন ওই সংযোগ দেন। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই সাংসদ আবদুল কুদ্দুসের নির্দেশে তাঁরা সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেন।
ভুক্তভোগী আজিজুল শেখ, আসান আলী, কেসমত আলীসহ আরও কয়েকজন বলেন, তাঁরা বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বছরের পর বছর ধরনা দিয়েছেন। গ্রামের কয়েকজন প্রতারক এ জন্য আর্থিক সুবিধাও নিয়েছেন, কিন্তু তাঁরা বিদ্যুৎ পাননি। দুই বছর আগে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদের বিশেষ বরাদ্দে (মাস্টারপ্ল্যান) বিদ্যুতের লাইন টানানো হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার তাঁদের ২১টি পরিবারে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। কিন্তু বিদ্যুতের সংযোগ লাগানোর পর স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের সমর্থক হিসেবে পরিচিত ইউনুস আলী ও মনিরুল ইসলাম নামে দুই ব্যক্তি সাংসদ ও বিদ্যুৎ কার্যালয়কে খুশি করতে মিটারপ্রতি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় সন্ধ্যার আগেই তাঁদের মিটারের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করে বলেন, এ ঘটনায় সন্ধ্যার পর ভুক্তভোগীরা দল বেঁধে সাংসদ আবদুল কুদ্দুসের বাসভবনে ছুটে যান। কিন্তু সাংসদ আবদুল কুদ্দুস বাড়ির ফটক থেকে তাঁদের গালমন্দ করে বিদায় করে দেন।
জানতে চাইলে মনিরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তবে অভিযুক্ত ইউনুস আলী মুঠোফোনে উত্তেজিত কণ্ঠে বলেন, ‘যা পারেন লেখেন।’
এ ব্যাপারে জানতে গতকাল শুক্রবার সন্ধ্যায় একাধিকবার সাংসদ আবদুল কুদ্দুসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। তবে এ ব্যাপারে সাংসদের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ইব্রাহিম হোসেন বলেন, ২১টি সংযোগের পাশে আরও ১৪০টি সংযোগ চালুর অপেক্ষায় রয়েছে। একসঙ্গে সব সংযোগ এমপি সাহেব (সাংসদ) উদ্বোধন করবেন, তাই ওই ২১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে তিনি ভুক্তভোগীদের গালমন্দ ও সাংসদের কথিত সমর্থকদের চাঁদা দাবির বিষয়টি জানেন না বলে জানান।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম আবদুল হালিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাংসদের নির্দেশনামতে, ২৫টির কম সংযোগ হলে তাঁর (সাংসদ) অনুমতি ছাড়াই পল্লী বিদ্যুৎ সংযোগ দিতে পারে। সেই ধারাবাহিকতায় ওই ২১টি পরিবারকে সংযোগ দেওয়া হয়। পরে সাংসদ আবদুল কুদ্দুসের নির্দেশে তা বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছি।’