দুপুরে যোগদান বিকেলে মেয়র পদপ্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। বিকেলে তাঁকে মেয়র পদে দলের মনোনয়ন দেওয়া হয়।
লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম আর মাসুদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে জানান, রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী গতকাল দুপুরে পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বনানীর কার্যালয়ে তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও লক্ষ্মীপুর-২ (লক্ষ্মীপুর-রায়পুর) আসনের সাংসদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পার্টি চেয়ারম্যান পরে আজাদ উদ্দিনকে রামগতি পৌরসভার মেয়র পদে দলের মনোনয়ন দেন।
এর আগে ২০১০ সালে আজাদ উদ্দিন চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন (সমর্থন) নিয়ে মেয়র পদে নির্বাচন করে পরাজিত হন। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। তবে তৃণমূল আওয়ামী লীগের একক প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এবার জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিনকে মেয়র পদে দলের মনোনয়ন দেন। পরে তিনি (আজাদ উদ্দিন) জাতীয় পার্টিতে যোগদান করে মনোনয়ন নেন।