দুপুরেই কেন্দ্র ফাঁকা
হবিগঞ্জের বাহুবল ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে কয়েকটি কেন্দ্র দুপুরেই ফাঁকা দেখা যায়।
বাহুবলের কয়েকটি কেন্দ্র ঘুরে নারী ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২৪৬ জন। বেলা তিনটা নাগাদ ভোট পড়ে প্রায় ৪০ শতাংশ। যদিও কেন্দ্রটি একজন প্রার্থীর বাড়ির কাছে। বরইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরেই দেখা যায়, ভোটকেন্দ্র ফাঁকা। এ কেন্দ্রের কাছেই আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাইয়ের বাড়ি।
বিএনপির-সমর্থিত প্রার্থী আকদ্দস মিয়ার গ্রামের ভোটকেন্দ্র মিরপুর দাখিল মাদ্রাসায় বেলা তিনটায় গিয়ে ফাঁকা পাওয়া যায়। দায়িত্বরত লোকজন গল্প করছেন। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম সিকদার জানান, এ কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৮৯৪ জন। বেলা আড়াইটা পর্যন্ত ৯৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সরফরাজ মিয়াসহ এলাকার কয়েকজন বলেন, সাধারণ মানুষ মনে করছেন, এ নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের কোনো সুযোগ নেই। এ ছাড়া উপজেলা পরিষদ থেকে জনগণ তেমন কোনো সেবা পাচ্ছেন না। এ কারণে ভোটারদের মধ্যে ভোট দিতে অনীহা তৈরি হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, ভোটার উপস্থিতির বিষয়ে জানা নেই।
মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয়ে মোট ভোটার দুই হাজার ৭৪০ জন। বেলা দুইটা ২০ মিনিটে এ কেন্দ্রে ভোট পড়ে এক হাজার ২৭০টি। এ উপজেলার অধিকাংশ কেন্দ্রেই ভোট প্রয়োগের একই চিত্র ছিল। এলাকার অনেক ভোটার জানান, জাতীয় নির্বাচনের পর এ ধরনের নির্বাচন হওয়ায় মানুষের আগ্রহ তৈরি হয়নি। যে কারণে ভোটার উপস্থিতি ছিল কম।