দুপুরেই সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান পৌরসভার গহিরা কলেজ কেন্দ্র। সকাল সাড়ে ১০টা। ৩ নম্বর বুথে চারজন যুবক ব্যালটে সিল মেরে বাক্স ভরছেন। প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন। এরপর দেড়-দুই মিনিট পর ওই চার যুবকসহ ২০-২৫ যুবক আলোকচিত্র সাংবাদিককে ঘেরাও করে ক্যামেরার ওই দৃশ্য মুছে ফেলার জন্য চাপ দেন। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।
গহিরা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার মধ্যে প্রায় ৭০০ ভোট পড়ে। ওই কেন্দ্রে ভোটারের সংখ্যা ২ হাজার ৩৩৫।
গহিরা কলেজসংলগ্ন গহিরা এ জে ওয়াই এম এস বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারের সংখ্যা ২ হাজার ১৭৮। এই কেন্দ্রে গতকাল বেলা ১১টার মধ্যে ৩৫ শতাংশের মতো ভোট পড়ে বলে প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল মোহাইমেন জানান।
রাউজান সুরেশ বিদ্যায়তন কেন্দ্রের ৩ হাজার ১৬০ ভোটারের মধ্যে দুপুরের মধ্যে প্রায় ৪০ শতাংশ ভোট গ্রহণ হয় বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
বিএনপির মেয়র পদপ্রার্থী কাজী আবদুল্লাহ আল হাছান গতকাল বেলা ১১টায় তাঁর বাড়ির উঠোনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কেন্দ্রগুলো থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। বহিরাগত সন্ত্রাসীরা রাউজানের ১৯ কেন্দ্র দখল করে নেয়। এই অবস্থায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কুল প্রদীপ চাকমা বলেন, কোথাও গন্ডগোল হয়নি।