দুপুরের আগেই কলেজ ফাঁকা শিক্ষকেরা যান কোচিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অধিকাংশ শিক্ষক কলেজে উপস্থিত থাকেন না, এমনকি নিয়মিত ক্লাসও নেন না। কয়েকজন শিক্ষক দুপুরের আগেই কলেজ ফেলে কোচিং সেন্টারে চলে যান বলেও অভিযোগ রয়েছে।এ অবস্থায় এমপিওভুক্ত কলেজটিতে শিক্ষার্থীর উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে গেছে। কলেজের নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে সম্প্রতি ওই কলেজেরই এক শিক্ষক বগুড়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।গত ২৭ ফেব্রুয়ারি দুপুর একটার দিকে কলেজে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় সব শ্রেণীকক্ষসহ গ্রন্থাগার ছিল বন্ধ। অধ্যক্ষের কক্ষ খোলা থাকলেও ছিলেন না তিনি। কলেজ চত্বরজুড়ে কোনো ছাত্রছাত্রীর দেখা পাওয়া যায়নি।বিষয়টি জানার পর আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা মিজানুর রহমান কলেজ পরিদর্শনে আসেন। ইউএনও জানান, বেলা একটার পর কলেজে গিয়ে সেটি বন্ধ দেখতে পান। এ সময় কলেজে দুই-তিনজন শিক্ষক ছাড়া কেউ ছিলেন না। তিনি বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে।’জানা গেছে, কলেজটিতে ৬৪ জন শিক্ষক-কর্মচারী আছেন। এর মধ্যে শিক্ষক আছেন ৫২ ও কর্মচারী ১২ জন। তাঁদের জন্য সরকারি কোষাগার থেকে প্রতি মাসে বেতনভাতা বাবদ সাত লাখ ৫৬ হাজার ৯৪৩ টাকা খরচ হয়।অভিযোগ সূত্রে জানা যায়, খাতা-কলমে একাদশ ও স্নাতক শ্রেণী মিলিয়ে কলেজটিতে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছেন। অথচ প্রতিদিন গড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী কলেজে উপস্থিত থাকেন। দুপুর ১২টার আগেই কলেজ ছুটি হয়ে যায়। শিক্ষকেরা তাঁদের ইচ্ছা অনুযায়ী কলেজে আসেন-যান।কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমান জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, অধ্যক্ষ বেআইনিভাবে ‘ডে অফ’প্রথা চালু করেছেন। এতে কলেজের প্রত্যেক শিক্ষকের সপ্তাহে দুই-তিন দিন ছুটি থাকে। কথিত এই ডে অফের কারণে একজন শিক্ষক মাসে গড়ে ৮-১০ দিন কলেজে অনুপস্থিত থাকেন। পরে সুবিধাজনক সময় শিক্ষকেরা হাজিরা খাতায় স্বাক্ষর করেন।আবদুর রহমান আরও অভিযোগ করেন, কলেজের একাধিক শিক্ষক কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত। এঁদের মধ্যে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মকছেদুর রহমান নওগাঁর মান্দা উপজেলার মর্নিং সান কিন্ডারগার্টেন ও ওয়েমার কোচিং সেন্টারে পড়ান। অর্থনীতি বিভাগের শিক্ষক গোলাম রসুলের বগুড়ায় ‘গোলাম রসুল কেজি স্কুল’ নামের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি কোচিং সেন্টারও চালান। এমনি আরও পাঁচ-সাতজন শিক্ষক দুপুরের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন।মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মকছেদুর রহমান বলেন, ‘আমি কোনো কোচিং সেন্টারের সঙ্গে জড়িত না। আমার বিরুদ্ধে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে, সেসব প্রতিষ্ঠান আমরা কয়েকজন মিলে পরিচালনা করতাম। এখন ওই প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছি।’অর্থনীতি বিভাগের শিক্ষক গোলাম রসুল বগুড়ার নামাজগড় এলাকায় তাঁর নিজের নামে একটি স্কুল থাকার কথা স্বীকার করে বলেন, ‘অবসরে স্কুলটি দেখাশোনা করি।’ কোনো কোচিং সেন্টারের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।কলেজের অধ্যক্ষ এ টি এম নাজিবুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে উপাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানান, ওই দিন ছাত্রছাত্রী না আসায় কলেজ ছুটি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, শিক্ষকেরা কলেজে সময়মতো আসেন। কিন্তু ছাত্রছাত্রী না আসায় দুপুরের দিকে তাঁরা চলে যান।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষার্থী জানান, তাঁরা এখানে ভর্তি হওয়ার পর থেকে দুপুরের পর কোনো ক্লাস হতে দেখেননি। অভিভাবকেরা বলছেন, সন্তানদের ওই কলেজে ভর্তি করে ভুল করেছেন তাঁরা।আদমদীঘি উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ওই কলেজে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। তদন্তসাপেক্ষে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।