দুপুরের আগেই হরতাল শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা হরতাল গতকাল বৃহস্পতিবার দুপুর গড়ার আগেই শেষ হয়ে গেছে। চট্টগ্রামে হরতালে নগরের বেশির ভাগ এলাকাতেই ছিল না কোনো পিকেটার।তবে কয়েকটি স্থানে আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে। বিএনপির কর্মসূচি দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে ও শাহ আমানত সেতু এলাকায় সীমিত ছিল।নগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, পিকেটার না থাকা সত্ত্বেও শহরে সকালবেলা রিকশা ছাড়া আর কোনো ধরনের যান চলেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সীমিতভাবে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো চলাচল করতে দেখা যায়। বেলা একটার দিকে চট্টগ্রাম নগরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।গতকালের হরতাল কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীরা শহরের প্রবেশপথ সিটি গেট এবং শাহ আমানত সেতুর কাছে অবস্থান নেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শাহ আমানত সেতুর কাছে অবস্থান নেন। সেখানে তাঁরা সমাবেশও করেন।গতকাল হরতাল কর্মসূচিতে ব্যতিক্রম চিত্র ছিল: ছয়টি রিকশায় করে কয়েকজন বিদেশিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট, প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়।এদিকে নগরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমাবেশ করে। বাকলিয়া থানা আওয়ামী লীগ নগরের চকবাজার এলাকায় হরতালবিরোধী সমাবেশ ও মিছিল করে। এ ছাড়া নগরের দারুল ফজল মার্কেটের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।