নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বাড়িমজলিশ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিক্ষার্থীদের ভাতের সঙ্গে ছোট মাছ ও ডাল দেওয়া হয়। খাবার খেয়ে শিক্ষার্থীরা প্রথমে পেটে ব্যথা অনুভব করে। পরে বমি শুরু করে। অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাদিয়া আক্তার বলেন, খাবার খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তা ছাড়া প্রত্যেক শিক্ষার্থীর অসুস্থ হওয়ার লক্ষণ একই রকম ছিল।
জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল মীর মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো শিক্ষার্থীদের ছোট মাছ ও ডাল দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ডালে কোনো রকম সমস্যা হয়ে থাকতে পারে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবালকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলে শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ চৌধুরী বলেন, মূলত দুপুরের খাবারের সঙ্গে ডাল খেয়ে বিষক্রিয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।