দুপুরের টাইমবোমা বিকেলে বোমাসদৃশ বস্তু!
গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ বালুরমাঠ এলাকা থেকে গতকাল রোববার ভোরে জয়দেবপুর থানার পুলিশ একটি রিমোট কন্ট্রোলসহ পাঁচটি ‘টাইমবোমা’ উদ্ধার করেছে। তবে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে টাইমবোমা বলে দাবি করা হলেও বিকেলে ‘টাইমবোমাসদৃস বস্তু’ বলে দাবি করে পুলিশ।
বিশ্ব ইজতেমার মোনাজাতের শেষে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ নিয়ন্ত্রণকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বলেন, গোপন খবরের ভিত্তিতে জয়দেবপুর থানার পুলিশ শহরের কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে পুলিশ একটি রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইমবোমা উদ্ধার করে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এসপি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করছিল। পুলিশের ব্যাপক তৎপরতার কারণে দুর্বৃত্তরা সেগুলো ফেলে পালিয়ে যায়।
পুলিশের সংবাদ সম্মেলনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান, গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান, পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমানসহ ১০ থেকে ১২ জন পুলিশ কর্মকর্তা। সংবাদ সম্মেলনে নিষ্ক্রিয় করা বোমাগুলো উপস্থাপন করা হয়।
বোমাগুলোর মাঝে একটি ঘড়ি, দুই পাশে প্লাস্টিকের পাইপ। সেগুলো প্যাঁচানো লাল, সবুজ ও কালো স্কচটেপ দিয়ে। যেটিকে রিমোট কন্ট্রোল বলা হয়েছে, সেটির মাথায় একটি লাল বাতি জ্বলতে দেখা যায়।
বোমা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে কি না, তা জানতে চাইলে গতকাল বিকেল পাঁচটার দিকে জয়দেবপুর থানার ওসি প্রথম আলোকে বলেন, উদ্ধারকৃত টাইম বোমাগুলো পুলিশের বিশেষজ্ঞ টিম দিয়ে পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো ছিল অকার্যকর। অধিকতর নিরাপত্তার জন্য যেভাবে বোমা নিষ্ক্রিয় করা হয়, সেভাবেই প্রক্রিয়া সম্পন্নের পর বোমা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই-বাছাই শেষে বোমাগুলো অকার্যকর হিসেবে নিশ্চিত করা হয়েছে। বোমাসদৃস বস্তু হওয়ায় কোনো মামলা করা হয়নি।
জানতে চাইলে গাজীপুরের এসপি প্রথম আলোকে বলেন, টাইমবোমাগুলো ভোরে উদ্ধার করা হয়। তখন শুধু বিশেষজ্ঞ টিম দিয়ে বোমাগুলোর তার কাটা হয়। বিকেলে সেগুলো বিশেষজ্ঞ দলের সাহায্য আরও ভালো করে পর্যবেক্ষণে দেখা গেছে, বোমা আকৃতির বস্তুগুলোর ভেতরে বোমা তৈরির কোনো উপাদান মেলেনি।