দুপুরের পর আজ হাইকোর্টের বিচারকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজ্ঞ মাহমুদুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে আজ বুধবার দুপুরের পর হাইকোর্টে বিচার কাজ বন্ধ থাকবে। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের নির্ধারিত সময়সীমা বেলা একটা পর্যন্ত হলেও আজ বেলা ১১টা পর্যন্ত আদালত চলেছে। দুপুর একটার পর হাইকোর্ট বিভাগেও আদালত বসবেন না।

গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।
সংবিধান বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের দিন তিনি পদত্যাগ করেন।
মাহমুদুল ইসলামের জন্ম রংপুরে, ১৯৩৬ সালে। কারমাইকেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নেন তিনি। রংপুর জেলা বারে আইন পেশা শুরু করার পর তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭২ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। তাঁর লেখা গ্রন্থের মধ্যে রয়েছে কনস্টিটিউশনাল ল’ অব বাংলাদেশ এবং ইন্টারপ্রিটেশন অব স্ট্যাটিউটস অ্যান্ড ডকুমেন্টস।