
ভোটার উপস্থিতি কম৷ জাল ভোট, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, কয়েকটি কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের এজেন্টদের বের করে দেওয়া, বেশির ভাগ কেন্দ্রে শামীম ওসমানের সমর্থকদের দিনভর মহড়া, কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে দুপুরের পর ভোটের হার অস্বাভাবিক বৃদ্ধি—এসবই ছিল নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে৷ তবে কোনো সহিংসতা হয়নি৷
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান (লাঙ্গল)৷ মোট ১৪১টি কেন্দ্রের মধ্যে ১৪০ কেন্দ্রে তিনি পেয়েছেন ৮২ হাজার ৮৫৬ ভোট৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আকরাম (আনারস) পেয়েছেন ৬৬ হাজার ১১৪ ভোট৷ কারচুপি ও অনিয়মের অভিযোগে বন্দরের মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের (ভোটার সংখ্যা প্রায় তিন হাজার) ফল ঘোষণা স্থগিত করা হয়৷ রাত পৌনে নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বেসরকারি ফলাফল ঘোষণা করেন৷
সেলিম ওসমানের সমর্থকদের বন্দরের মদনপুর ইউনিয়নের কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টায় বাধা দেওয়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) বশির আহমেদকে হুমকি দেন সাংসদ শামীম ওসমান৷ বশির আহমেদই এ অভিযোগ করেন৷ শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ ও সেলিম ওসমানের ছোট ভাই৷ এ নিয়ে নির্বাচনী এলাকায় দিনভর উত্তেজনা বিরাজ করে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়৷ এরপর ভোট গণনা শুরু হয়৷ নির্বাচনে আরও দুজন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার (গামছা) ও মামুন সিরাজুল মজিদ (চিংড়ি)।
সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে৷ সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ৫ থেকে ৮ ভাগ ভোট পড়েছে। কোনো কোনো কেন্দ্রে এর কম ভোটও পড়ে। তবে দুপুর ১২টার দিকে কেন্দ্রগুলোতে ১২ থেকে ১৪ ভাগ ভোট পড়ে। বেলা একটার পর শহর এলাকার কেন্দ্রগুলোতে ভোট পড়ার হার বেড়ে যায়। এ সময় জাল ভোট দেওয়ার অভিযোগে র্যাব দুজনকে আটক করে। শহর এলাকার বেশির ভাগ কেন্দ্রের সামনে লাঙ্গলের ব্যাজ পরা লোকদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টার মধ্যে সেলিম ওসমানের সমর্থকেরা ‘লাঙ্গল, লাঙ্গল’ স্লোগান দিয়ে শহরে মিছিল বের করেন।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা প্রথম আলোকে বলেছিলেন, ভোটার কম এসেছেন। ৩০ থেকে ৩৫ শতাংশ হতে পারে। ভোট যা পড়েছে, সেটাই দেখানো হবে। বাড়িয়ে দেখানো হবে না। কমিশন এই নিশ্চয়তা দিচ্ছে।
ফলাফল ঘোষণার পর দেখা গেছে, প্রায় ৪৫ শতাংশ ভোট পড়েছে।
সেলিম ওসমানের সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে৷ বিবি মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মহিলা কলেজ ও বার একাডেমি কেন্দ্রের আটজন ভোটার অভিযোগ করেন, তাঁরা ভোট দিতে গেলে সেলিম ওসমানের সমর্থকেরা বলেছেন, ভোট দিতে হবে না।
সকালে কুমুদিনী ট্রাস্ট কেন্দ্রে গিয়ে আনারস প্রতীকের কোনো এজেন্ট পাওয়া যায়নি। বার একাডেমি ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে কয়েকজন এজেন্টকে আনারসের ব্যাজ পরে এজেন্ট হিসেবে বসে থাকতে দেখা যায়। তবে আলাপের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, তাঁরা আনারসের এজেন্ট নন। আনারসের এজেন্টদের বের করে দিয়ে তাঁদের বসিয়ে দেওয়া হয়েছে। মহিলা কলেজ, বার একাডেমি, বিবি মরিয়ম উচ্চবিদ্যালয়, গণবিদ্যানিকেতন, নারায়ণগঞ্জ ক্লাবসহ শহরের বেশির ভাগ কেন্দ্রে কেবল সাংসদ শামীম ওসমানের লোকজনকে দেখা গেছে। শহরজুড়ে সারা দিনই তাঁর সমর্থকেরা মহড়া দিয়েছেন।
এখানকার ভোটার নন—এমন অনেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন। গণবিদ্যানিকেতন কেন্দ্রে সালাম নামের এমন এক ব্যক্তি বলেছেন, তিনি এই কেন্দ্রের ভোটার নন, তবে তাঁকে এখানে ভোট দিতে বলা হয়েছে৷
শীতলক্ষ্যা এলাকায় তিনটি কেন্দ্র থেকে আনারস প্রতীকের এজেন্টদের বের করে দেন স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান। অবশ্য পরে পুলিশ এসে ওই এজেন্টদের আবার কেন্দ্রের ভেতর নিয়ে যায়।
দিনভর ভোটের চিত্রে সন্তোষ প্রকাশ

করেছেন সেলিম ওসমান। ভোটকেন্দ্র পরিদর্শনের পর বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোটার কিছুটা কম ছিল। উপনির্বাচনে এমন হওয়া অস্বাভাবিক নয়। ফল যা-ই হোক না কেন, তিনি মেনে নেবেন।
এস এম আকরামও বিকেলে নির্বাচনের পরিবেশ নিয়ে তেমন অভিযোগ করেননি। তিনি বলেন, কিছু অভিযোগ এসেছে। এর মধ্যে কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। কোথাও কোথাও এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তবে ভোট মোটামুটি ভালো হয়েছে। পুলিশ ও প্রশাসন ভালো কাজ করেছে।
সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ ক্লাবে সাংসদ শামীম ওসমান প্রথম আলোকে বলেন, তাঁর ভাই বিপুল বিজয়ের পথে। অন্য যেকোনো নির্বাচন থেকে এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনে তাঁর বিরুদ্ধে অনেক খেলা হয়েছে। এবার আওয়ামী লীগের সেই খেলোয়াড়েরা নিজেদের কেন্দ্রেও জিততে পারেননি।
এস এম আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান অভিযোগ করেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, ১৩ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা), মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলোকে বলেন, কিছু অভিযোগ এসেছে। তাঁরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় উপনির্বাচনে ভোট কম পড়ে। ভোটারদের ভোটকেন্দ্রে আনতে মূলত প্রার্থীদের কারিশমা লাগে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই ছিল।
‘নির্বাচন সুষ্ঠু হয়েছে’: নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোট গ্রহণ চলা অবস্থায় পুলিশের একজন কর্মকর্তাকে সাংসদ শামীম ওসমানের হুমকি দেওয়ার বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি বলেন, দুজন বিচারকের নেতৃত্বে ‘ইলেকশন ইনকোয়ারি কমিটি’ রয়েছে। তাঁরা তদন্ত করে দেখবেন। এ ছাড়া যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা নির্বাচন নিয়ে অন্য কোনো অভিযোগ পেলে তাও তদন্ত করে দেখা হবে। নির্বাচন-পূর্ব অভিযোগের বিষয়ে তিনি বলেন, দুজন প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদন অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে সিইসি বলেন, ১৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে মাত্র একটি কেন্দ্রে সহিংসতা হওয়ায় ভোট বাতিল করে দেওয়া হয়েছে।
{প্রতিবেদনটি তৈরি করেছেন কামরুল ইসলাম, তানভীর সোহেল, ইফতেখার মাহমুদ, শরিফুল হাসান, গোলাম মর্তুজা ও আসিফ হোসেন}