রংপুরের হারাগাছ পৌর এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ৪০ শতাংশ শিক্ষার্থী দুপুরের পর আর বিদ্যালয়ে থাকে না। তারা বিড়ি তৈরির কাজ করতে চলে যায়। গত রোববার কয়েকটি বিদ্যালয়ের উপস্থিতি খাতা বিশ্লেষণ করে ও শিক্ষকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।এদিকে পৌর এলাকার মোট শিশুর প্রায় অর্ধেক প্রাথমিক বিদ্যালয়ে যায় না। এরাও বিভিন্ন বিড়ি কারখানায় অভিভাবকদের সঙ্গে কাজে করে। এ নিয়ে শিক্ষা বিভাগও উদ্বিগ্ন। সচেতনতা বাড়াতে তাঁরা গতকাল সোমবার সেখানে অভিভাবকদের নিয়ে সভা করে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলায় ১০৭টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে হারাগাছ পৌরসভায় রয়েছে ১৭টি। যার ১২টি সরকারি, পাঁচটি বেসরকারি (রেজিস্টার্ড)। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে আট হাজার শিশু পড়াশোনা করে। অথচ হারাগাছে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার উপযোগী শিশু আছে প্রায় ১৫ হাজার।রোববার সরেজমিনে হারাগাছের সারাই এলাকার একটি সড়কে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী ব্যাগ কাঁধে বিদ্যালয়ে যাচ্ছে। তাদের সঙ্গে একই বয়সী কয়েকটি শিশুকে বিড়ি কারখানার মালামাল বহন করতে দেখা গেল। তাদের হাতে কাপড়ে মোড়ানো বিড়ি তৈরির পোঁটলা। সকাল সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত এমন চিত্র চোখে পড়ে হারাগাছের সড়কগুলোয়।সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত কয়েকটি সরকারি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের গড় উপস্থিতি ৭৫ ভাগ। কিন্তু দুপুরের পর উপস্থিতি আশঙ্কাজনভাবে কমে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকারী শিক্ষক জানান, সকালে বিদ্যালয়ে এলেও অনেক শিক্ষার্থী দুপুরের পর চলে যায়। প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী এভাবে এক বেলা পাঠ নেয়।সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬৯০ জন শিক্ষার্থী রয়েছে। রোববার ক্লাসের শুরুতে উপস্থিতি ছিল ৪৫০। কিন্তু দুপুরের পর উপস্থিতি কমে ৩২০ জনে দাঁড়ায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদা বেগম বলেন, ‘পরিবারের সাথে বিড়ির কাজ করতে শিশুরা এভাবে চলে যায়। তখন আর কিছু করার থাকে না।’ দরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৪৭৩ জন। শুরুতে ৩৭০ জন উপস্থিত ছিল। দুপুরের পর উপস্থিতির হার কমে দাঁড়ায় ২২০ জনে। একই কারণে এ বিদ্যালয়েও শিশুরা দুপুরের পর চলে যায় বলে মন্তব্য করলেন প্রধান শিক্ষক মহিবুর রহমান। মোল্লাচারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৫৩০ জন। এর মধ্যে রোববার উপস্থিত ছিল ৩৯০ জন। দুপুরের পর এ সংখ্যা আরও কমে ২৬০ জনে ঠেকে।শাখারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫১০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিতি ছিল ৪৩০ জন। দুপুরের পর ২৪০ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত পাওয়া যায়।দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮০ শিক্ষার্থীর মধ্যে শুরুতে উপস্থিত ছিল ৩৯০ জন। দুপুরের পর তা দাঁড়ায় ২১৫ জনে। প্রায় একই দৃশ্য দেখা গেছে উদয় নারায়ণ মাছহারি, ধুমেরকুঠি, ইসলামিয়া, ধুমেরপাড়া, শেখপাড়া, হারাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও।অভিভাবক পাইকারপাড়ার মুশফিকুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী মিলে কাজ করতে করতে হাঁফিয়ে ওঠেন। তা দেখে সন্তানেরাও যোগ দেয়। একই এলাকার আলমগীর ইসলাম বলেন, ‘হামার ছাওয়া প্রতিদিন স্কুলোত যায়। বিড়ির কাম করার জন্যে দুপুর বেলা চলি আইসে।’ কদমতলীর এক শিক্ষার্থীর অভিভাবক জাহাঙ্গীর আলম বলেন, ‘ছাওয়া বিড়ির কাম করে বলে এখনা ভালো আছি। না হইলে সংসার চলা কষ্ট।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এ ধরনের চিত্র সেখানে দীর্ঘদিনের। বিড়ি কারখানায় শিশুদের কাজে না নিতে মালিকদের বলে দেওয়া হয়েছে। তারা নিতে না চাইলেও অভিভাবকেরা পরিবারের অভাব-অনটন দূর করতে শিশু-সন্তানদের কাজে লাগান।হারাগাছে ছোট-বড় ২০টি বিড়ি কারখানা আছে। মায়া বিড়ি কারখানার মালিক আনোয়ারুল ইসলাম দাবি করেন, কারাখানায় শিশুরা এখন কাজ করে না। বাসা-বাড়িতে অভিভাবকের সঙ্গে কাজ করে থাকতে পারে।