মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ১৪টি ও সিরাজদিখান উপজেলার ৪টি ইউনিয়নে গতকাল অনুষ্ঠিত নির্বাচনের ভোটচিত্র ছিল প্রায় অভিন্ন। যেসব ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন, সেখানে বিক্ষিপ্ত সংঘর্ষ, বোমাবাজি এমনকি গুলির ঘটনাও ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
কিন্তু যেখানে প্রতিদ্বন্দ্বিতা নৌকা ও ধানের শীষে সীমিত ছিল, সেখানে ভোট হয়েছে একতরফা । কেন্দ্রের বাইরে ও ভেতরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেমন অতি তৎপর ছিলেন, তেমনি বিএনপির কর্মী-সমর্থকেরা ছিলেন অতি নিষ্ক্রিয় (একটি কেন্দ্র ছাড়া)। বেশির ভাগ কেন্দ্রে তাঁদের পোলিং এজেন্ট ও ভোট ক্যাম্পের দেখা মেলেননি।
ভোটচিত্র-১: সকাল সাড়ে নয়টা। শ্রীনগর উপজেলার কাটাভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মাশুরগাঁও সরকারি বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখি, বাইরে বিভিন্ন দলের মনোনয়ন পাওয়া ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ক্যাম্প বসিয়ে ভোটারদের স্লিপ দিচ্ছেন। ভেতরেও ভোটারদের লক্ষণীয় ভিড়। পোলিং অফিসার ও তাঁর সহযোগীরা তাঁদের সহায়তা করছেন। পাশে প্রায় সব প্রার্থীর পোলিং এজেন্টও বসে ভোটারদের নম্বর মেলাচ্ছেন। একটি বুথে বিএনপির পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা আছে কি না? তিনি বললেন, সমস্যা নেই। সুন্দর ভোট হচ্ছে।
এরপর আমরা যাই কোলাপাড়া ও সমষপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে। সেখানেও সকালের দিকে ভোটারদের উপস্থিতি ভালো ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিবেশটা বদলে যায়। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। মশুরগাঁও কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং আমিন নামে একজনের পেটে গুলি লাগলে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই কেন্দ্রে ঘণ্টা খানেক ভোট গ্রহণ স্থগিত ছিল। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে আওয়ামী রীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম বলেছেন, ‘ভোটকেন্দ্রে অবৈধ কিছু লোক ঢুকে জোরপূর্বক ব্যালট নিয়ে সিল মেরে বাক্সে ফেলছে।’
ভোটচিত্র-২: দুপুর ১২টা। আমরা শ্রীনগর উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে বাসস্ট্যান্ডে একটি দোকানের সামনে দাঁড়ানো। এক সাংবাদিক বন্ধু স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জিজ্ঞেস করলাম, কেমন ভোট হচ্ছে? তিনি বললেন, খুব ভালো ভোট হচ্ছে। পরের প্রশ্ন ছিল, বিএনপি তো মাঠে নেই। আওয়ামী লীগের কজন চেয়ারম্যান জিতবেন বলে মনে করেন। তিনি বললেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘হস্তক্ষেপ’ না করলে সবাই জিতত। তাঁর দাবি, সুষ্ঠুভাবে ভোট হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কোনো কেন্দ্রে গুলি চালিয়েছে। কোথাও প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ বন্ধ রেখেছেন। তিনি বললেন, সমস্যা হয়েছে একই দিনে উপজেলার সব ইউনিয়নে ভোট হওয়ায়। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা থেকে ফোর্স আনা হয়েছে। তারা কথা শোনে না।
বিভিন্ন কেন্দ্রে আলাপ হয় একাধিক বিদ্রোহী প্রার্থীর সঙ্গে। তাঁরা জানান, নৌকার সমর্থকেরা সবখানেই অবৈধ সিল মারছেন। প্রতিবাদ করলেই সংঘাত হয়েছে। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে।
ভোটচিত্র-৩: শ্রীনগর উপজেলা পরিষদ ভবনের দোতলায় নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষ। সেখানে সার্বিক দায়িত্বে আছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলম মজুমদার। সমন্বয়ের কাজটি করছেন ইউএনও জতন মারমা। সেখানে মিনিট দশেক ছিলাম। এরই মধ্যে ইউএনওর মোবাইলে একের পর এক নালিশ আসতে থাকে। পাকুটিয়ার একটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেখানে গোলমালের কথা জানিয়ে দ্রুত ফোর্স পাঠাতে বললেন। ইউএনও জানান, বিজিবি পাঠানো হয়েছে।
বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতি ও সংঘর্ষ সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বললেন, পরিস্থিতি সামাল দিতে তাঁরা যথাসাধ্য চেষ্টা করছেন। কিন্তু ভোটকেন্দ্রে তাঁদের সেই চেষ্টার ফল দেখা যায়নি।
আরও কিছু অঘটন: বেলা ১১টা। তন্তর ইউনিয়নের পানিয়া উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জটলা দেখে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উত্তম পাল সেখানে গেলে ‘দুর্বৃত্তরা’ তাঁকে অবরুদ্ধ করে ফেলে। পরে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে তাঁকে উদ্ধার করা হয়। শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়নের নাগরভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সকাল সাড়ে ১০টার দিকে নৌকার প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের বাইরে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ চার-পাঁচটি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলে আবার ওই দুই প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হন। এতে ৫ জন আহত হন।
বেলা আড়াইটার দিকে বিবন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁওয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ভাগ্যকুলে ইউনিয়নের উত্তর কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ও মোরগ মার্কার দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হন। কোলাপাড়া ইউনিয়নের ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ তাদের নিবৃত্ত করতে গেলে তারা পরিদর্শক আবু বক্কর সিদ্দিককে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় ৫ জন আহত হন।
সিরাজদিখান উপজেলার নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা দুইটায় কামাল হোসেন নামে এক ব্যক্তি ব্যালট পেপার ছিনিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাঁকে ধরে ফেলে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।