দুবলার চরে মৎস্য আহরণ ও শুঁটকি মৌসুম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলসংলগ্ন দুবলার চরে শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুম শুরু হয়েছে। শুঁটকি প্রক্রিয়াকরণের জন্য বৃহস্পতিবার ভোরে প্রথম দফায় কয়েক শ জেলে মংলা থেকে দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন। জলদস্যুদের হামলা ও লুটপাটের আশঙ্কা মাথায় নিয়ে তাঁরা যাত্রা শুরু করেছেন।বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত এ মৌসুম চলে। বঙ্গোপসাগরে মৎস্য আহরণ ও শুঁটকি মৌসুমকে ঘিরে সুন্দরবনের দুবলার চরের জেলেপল্লিতে ইতিমধ্যে সমবেত হতে শুরু করেছে মংলা, রামপাল, খুলনা, সাতক্ষীরাসহ দক্ষিণ উপকূলের কয়েক হাজার জেলে। প্রতিবছর এ শুঁটকি মৌসুমে সাগরপারের মেহের আলীর চর, আলোর কোল, অফিস কিল্লা, মাঝের কিল্লা, শেলার চর, নারকেল বাড়িয়া, ছোট আমবাড়িয়া, বড় আমবাড়িয়া, মানিকখালী, কবরখালী, ছাপড়াখালীর চর, কোকিলমনি ও হলদেখালী চরে প্রায় ৩০ হাজার জেলে জড়ো হয়। সমিঞ্চলিতভাবে এ চরগুলোকে দুবলার চর বলা হয়।দুবলা জেলেপল্লির জেলেরা নিজেদের থাকা, মাছ ধরার সরঞ্জাম রাখা ও শুঁটকি তৈরির জন্য অস্থায়ী ঘর তৈরি করেন। জেলেরা সমুদ্র মোহনায় বেহুন্দি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার ও বাছাই করে শুঁটকি করেন। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, জেলেপল্লিতে জেলেদের ঘর তৈরি ও জ্বালানি ব্যবহারের জন্য নির্ধারিত রাজস্ব আদায় করে বন বিভাগের দুবলা টহল ফাঁড়ি। মূলত জেলেদের মৎস্য আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণের ওপর ভিত্তি করেই বন বিভাগের রাজস্ব আয় হয়ে থাকে। এ ছাড়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম রোধে চলতি মৌসুমের শুরুতেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সুন্দরবনে জেলেদের বনদস্যুদের হামলা ও আক্রমণ থেকে রক্ষার জন্য কোস্টগার্ড, পুলিশ ও বন বিভাগ নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।দুবলার চরের উদ্দেশে যাত্রা করা মংলার জয়মনির কালাম, চিলার রহমত, চাঁদপাই গ্রামের কুদ্দুস, মিঠেখালীর নজরুলসহ বেশ কয়েকজন জেলে বলেন, ‘জলদস্যুদের হামলা ও লুটপাটের আশঙ্কা মাথায় নিয়েই আমরা যাত্রা শুরু করেছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, চলতি মৌসুমে আমরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে মাছ শিকার ও শুঁটকি তৈরি করতে পারি তারা যেন সে ব্যবস্থা গ্রহন করে।’মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার শরীফুল হক বলেন, ‘শুঁটকি মৌসুমে জেলেদের নিরাপত্তার জন্য দুবলার চরে আমাদের একটি টহল বোট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। জেলেদের কাছে আমাদের মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। যেকোনো বিপদে আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এ ছাড়া দস্যু দমনে আমাদের অভিযান আরও জোরদার করছি।’