দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর নিরাপত্তার মধ্যে গত বৃহস্পতিবার ভোরে মোংলার পশুর নদ-সংলগ্ন চিলা খাল থেকে প্রথম দফায় তিন শতাধিক জেলে মোংলা থেকে সুন্দরবনের দুবলার উদ্দেশে রওনা হয়ে গেছে। বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূল-সংলগ্ন দুবলার চরে শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুমকে কেন্দ্র করে জেলেদের এ যাত্রা। প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ মৌসুম চলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, মোংলা থেকে নদীপথে দুবলার জেলেপল্লির দূরত্ব প্রায় ৯০ নটিক্যাল মাইল। বঙ্গোপসাগরে মৎস্য আহরণ ও শুঁটকি মৌসুমকে ঘিরে সুন্দরবনের দুবলার চরের জেলেপল্লিতে ইতিমধ্যেই সমবেত হতে শুরু করেছেন মোংলা, রামপাল, খুলনা, সাতক্ষীরাসহ দক্ষিণ উপকূলের হাজার হাজার জেলে। প্রতিবছর অক্টোবর মাস থেকে শুরু হওয়া শুঁটকি মৌসুমে সাগর পাড়ের মেহের আলীর চর, আলোর কোল, অফিস কিল্লা, মাঝের কিল্লা, শেলার চর, নারকেল বাড়িয়া, ছোট আমবাড়িয়া, বড় আমবাড়িয়া, মানিকখালী, কবরখালী, ছাপড়াখালীর চর, কোকিলমনি ও হলদেখালী চরে প্রায় ২০ হাজার জেলে জড়ো হন। সম্মিলিতভাবে এ চরগুলোকে দুবলার চর বলা হয়। দুবলার জেলেপল্লির জেলেরা নিজেদের থাকা, মাছ ধরার সরঞ্জাম রাখা ও শুঁটকি তৈরির জন্য অস্থায়ী ঘর তৈরি করেন। জেলেরা সমুদ্র মোহনায় বেহুন্দী জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার ও বাছাই করে জাতওয়ারী মাছগুলো শুঁটকি করে থাকেন।
এ বছরও সমুদ্রগামী জেলেদের মধ্যে ঝড়-জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগসহ বন বিভাগের হয়রানির আতঙ্ক রয়েছে। সম্প্রতি দস্যু বাহিনীগুলোর আত্মসমর্পণে জেলেদের মধ্যে গতবারের মতো দস্যু-আতঙ্ক নেই। দুবলার চরের উদ্দেশে যাত্রা করা মোংলার জয়মনির আবুল, চিলার তাহের, চাঁদপাই গ্রামের নজরুল, রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের রুহুলসহ ১০-১২ জন জেলে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই আমরা দুবলার উদ্দেশে যাত্রা শুরু করেছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, চলতি মৌসুমে আমরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে মাছ শিকার ও শুঁটকি তৈরি করতে পারি, তারা যেন তার ব্যবস্থা করে।’
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বছর জেলেদের নিরাপত্তার জন্য আমরা কঠোর নিরাপত্তা গ্রহণ করেছি। সুন্দরবনে জেলেদের ওপর বনদস্যুদের হামলা ও আক্রমণ থেকে রক্ষার জন্য র্যা ব, কোস্টগার্ড, পুলিশ ও বন বিভাগ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে। আবার জেলেরা যাতে সুন্দরবনের বনজ সম্পদ ধ্বংস করে থাকার ঘর নির্মাণ না করেন, সে জন্য তাঁদের ঘর তৈরি করার সরঞ্জাম সঙ্গে করে নিয়ে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।’
তিনি আরও বলেন, জেলেপল্লিতে জেলেদের ঘর তৈরি ও জ্বালানি ব্যবহারের জন্য নির্ধারিত রাজস্ব আদায় করে থাকে বন বিভাগের দুবলা টহল ফাঁড়ি। মূলত জেলেদের মৎস্য আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণের ওপর ভিত্তি করেই বন বিভাগের রাজস্ব আয় হয়ে থাকে। এ বছর ৮৬০টি জেলেঘর স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম রোধে চলতি মৌসুমের শুরুতেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত অর্থবছরে শুঁটকি মাছ থেকে সুন্দরবন বিভাগ রাজস্ব আয় করে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা। এ বছর লক্ষ্যমাত্রা দেড় কোটি টাকার ওপরে।
মোংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এ এম রাহাতুজ্জামান বলেন, ‘শুঁটকি মৌসুমে জেলেদের নিরাপত্তার জন্য দুবলার চরে আমাদের একটি টহল বোট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। হিরণ পয়েন্টে র্যা বও টহল দিচ্ছে। এ ছাড়া জেলেদের কাছে আমাদের মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। যেকোনো বিপদে আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আর সুন্দরবনের দস্যু দমনে আমাদের অভিযান অব্যাহত আছে।’