দুবলার জেলেপল্লিতে দস্যুদের হামলা ১৬ জনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলার জেলেপল্লিতে বনদস্যুরা ৫০ লাখ টাকার মালামাল লুট এবং ১৬ জনকে অপহরণ করেছে। দস্যুদের হামলায় আহত হয়েছেন শতাধিক জেলে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুবলার জেলেপল্লির চারটি চরে এ ঘটনা ঘটে। সুন্দরবন বিভাগ ও মৎস্য ব্যবসায়ী সূত্র জানায়, বনদস্যু জুলফিকার ও গামা বাহিনীর ৫০/৬০ জনের সশস্ত্র একটি দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত দুবলার জেলেপল্লির নারিকেলবাড়িয়া, শেলারচর, আলোরকোল ও মেহের আলীর চরে হামলা চালায়। তারা জেলেদের ব্যাপক মারধর করে টাকা, মুঠোফোন ও নিত্যপ্রয়োজনীয় মালামাল লুট করে। মালামালের মূল্য ৫০ লাখ টাকা হবে বলে জেলেরা জানিয়েছেন। এ সময় শতাধিক জেলে আহত হন। সেখান থেকে দস্যুরা চট্টগ্রামের বাঁশতলির জেলে মহাজন দিদারুল আলমকে অপহরণ করে। ফিরে যাওয়ার পথে টিয়ারচর এলাকায় মাছধরা অবস্থায় অপহরণ করে ১৫ জেলেকে।জেলেরা জানান, দুবলার জেলেপল্লির সাতটি চরে প্রায় দেড় হাজার জেলের শুঁটকির ঘর রয়েছে। দস্যুরা মুক্তিপণ বাবদ দিদারুলের জন্য ৫০ লাখ টাকা ও চরে থাকা শুঁটকির ঘরপ্রতি ৩০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট শামীম বলেন, এ ঘটনা জানতে পেরে তাঁদের টহল জাহাজ সিজিএস বগুড়াকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।