২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টায় গোপালকে করোনার টিকা দেওয়ার মধ্য দিয়ে দুবলারচরে করোনার টিকা কার্যক্রম শেষ করে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেওয়া টিকা কার্ডে গোপালের বয়স লেখা হয়েছে ১৮ বছর। তাঁর মা–বাবার নাম, ঠিকানা, জন্মসনদ নম্বর এমনকি কোনো মুঠোফোন নম্বরও টিকা কার্ডে লেখা নেই, লেখা হয়নি।
আগের দিন ২২ ফেব্রুয়ারি বিকেলে বরগুনার মো. ইব্রাহিম জুয়েলকে টিকা দিয়ে সুন্দরবনের শেষ প্রান্তের অস্থায়ী বসতির জেলে, মৎস্যজীবী, শ্রমিকদের করোনার টিকা কার্যক্রম শুরু করেছিল স্বাস্থ্য বিভাগ। ওই দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত টিকা দেওয়া হয়েছিল। টিকা নেওয়ার জন্য চরের মানুষের আগ্রহ ছিল, মাছের আড়তে তৈরি করা টিকাকেন্দ্রে ভিড় ছিল। টিকা নেওয়ার জন্য চাপও ছিল।
দুবলারচরের পরিচিতি মূলত রাসমেলা ও সমুদ্রস্নান অনুষ্ঠানের কারণে। গত চার দশকে দুবলারচরের নাম মানুষের কানে এসেছে মূলত মাছ ব্যবসাকে ঘিরে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাগেরহাট জেলার সিভিল সার্জন কার্যালয় এবং জেলার রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচির আয়োজন করেছিল। ওই দিন ৩৯ জনের একটি দল বিকেল চারটায় দুবলারচর পৌঁছায়। ওই দলে ছিলেন বাগেরহাট জেলার একাধিক স্বাস্থ্য কর্মকর্তা, টিকাদানকর্মী বা ভ্যাকসিনেটর, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাবেসক, পুলিশ এবং সাংবাদিক। পরদিন ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে হেলিকপ্টারে গিয়েছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুদিনে ৫ হাজার ১৪২ জনকে করোনার টিকা দেওয়া হয়। তাঁদের একজন গোপাল। গোপালের পুরো নাম গোপাল বিশ্বাস। বাড়ি খুলনা জেলার পাইকগাছায়। গোপাল বলেছেন, তাঁর বয়স এখনো ১৮ বছর হয়নি। তাঁর এক আত্মীয় সমুদ্রে মাছ ধরেন। চার বছর ধরে সেই আত্মীয়ের নৌকায় কাজ করছেন গোপাল। প্রতিবছর অক্টোবর মাসে আসেন দুবলারচরে, পরের বছর মার্চে ফিরে যান বাড়ি। সব ঠিক থাকলে এ মার্চের মাঝামাঝি বা শেষ সপ্তাহে বাড়ি ফিরবেন। আবার অক্টোবরে আসবেন দুবলারচরে।
দুবলারচরে দুদিন
দুবলারচরের পরিচিতি মূলত রাসমেলা ও সমুদ্রস্নান অনুষ্ঠানের কারণে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোরের হিন্দুধর্মাবলম্বীরা প্রতিবছর এখানে পুণ্যের আশায় আসেন। অনেকের ‘মুখে ভাত’ হয় এই চরে। দুর্গাপূজার দশমীর পাঁচ দিন পর কোজাগরি পূর্ণিমা (লক্ষ্মীপূজা)। কোজাগরি পূর্ণিমার পরের পূর্ণিমায় রাসমেলা হয়। সাধারণত অক্টোবর বা নভেম্বরে এ মেলার তারিখ পড়ে। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হলেও মেলাকে কেন্দ্র করে সব ধর্মের মানুষ সমুদ্র দেখতে আসেন, দেখা হয় সুন্দরবন। হাজার হাজার মানুষ এতে অংশ নেন। অতীতে মানুষ আসত দাঁড়টানা নৌকায়, পালতোলা নৌকায় বা পানসিতে চড়ে। এখন আসে ইঞ্জিনচালিত নৌকায়।
দুবলারচরের মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মানুষের প্রকৃতি দর্শনের সুযোগ ঘটে। গাঢ় সবুজ সুন্দরবনের মধ্য দিয়ে মানুষ দেশের ভূখণ্ডের শেষসীমায় পৌঁছায়। পথে যেতে ডাঙায় চিত্রল হরিণ ও বানর, নদীতে কুমির ও ডলফিন, আকাশে চিল ও বকের দেখা পাওয়া যায়। আশঙ্কা থাকলেও মানুষ বাঘ দেখার আশায় থাকে। এসব দৃশ্য আগের চেয়ে এখন ফিকে হয়ে গেছে।
মূলত ছোট ছোট কয়েকটি চর নিয়েই দুবলারচর এলাকা। আলোর কোল (জেফোর্ট পয়েন্ট), মেহেরআলির চর, মাঝের কেল্লা, নারিকেলবাড়িয়া, শেলারচর এই এলাকার মধ্যে। পশুর নদের ভাটার টানে রওনা দিলে মোংলা পোর্ট থেকে লঞ্চে করে দুবলারচর যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা। প্রায় পুরোটা পথ যেতে হয় সুন্দরবনের মধ্য দিয়ে।
গত চার দশকে দুবলারচরের নাম মানুষের কানে এসেছে মূলত মাছ ব্যবসার কারণে। সমুদ্রে যেসব জেলে মাছ ধরেন, তাঁদের অস্থায়ী বসতি এখন দুবলারচরে। এ বসতি থাকে বছরে ছয় মাস। দেশের উৎপাদিত শুঁটকির ৮০ শতাংশ আসে এ এলাকা থেকে। এখানে তৈরি শুঁটকিতে কীটনাশক ব্যবহার করা হয় না।
ব্যবস্থাপনার সুবিধার্থে সুন্দরবন ৫৫টি কম্পার্টমেন্টে ভাগ করা। পূর্ব ও পশ্চিম বন বিভাগ সুন্দরবন ব্যবস্থাপনার দায়িত্বে। দুবলারচর পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সবচেয়ে দক্ষিণের স্থলভাগ। এলাকাটি ৮ নম্বর কম্পার্টমেন্টে। এ চরের দক্ষিণে বঙ্গোপসাগর, সীমাহীন গভীর জলরাশি।
মূলত ছোট ছোট কয়েকটি চর নিয়েই দুবলারচর এলাকা। আলোর কোল (জেফোর্ট পয়েন্ট), মেহেরআলির চর, মাঝের কেল্লা, নারিকেলবাড়িয়া, শেলারচর এই এলাকার মধ্যে। পশুর নদের ভাটার টানে রওনা দিলে মোংলা পোর্ট থেকে লঞ্চে করে দুবলারচর যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা। প্রায় পুরোটা পথ যেতে হয় সুন্দরবনের মধ্য দিয়ে।
নিয়ন্ত্রণে ‘মামা’
সুন্দরবনে মামা বলতে বেঙ্গল টাইগারকেই বোঝায়। আর দুবলারচরের মামা আলহাজ কামাল উদ্দিন আহমেদ। স্বাস্থ্য বিভাগ চরের অস্থায়ী বাসিন্দাদের টিকা দেওয়ার জন্য ‘কামাল মামার’ সহযোগিতা চেয়েছিলেন। তিনি তা দিয়েছিলেন।
২২ ফেব্রুয়ারি বিকেলে কামাল উদ্দিন আহমেদের মালিকানাধীন মাছের আড়ত মেসার্স বিশাল ট্রান্সপোর্ট কার্যালয়ে টিকা দেওয়া শুরু হয়। টিকা দেওয়া শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কামাল উদ্দিন বলেন, চরে থাকতে হলে সবাইকে টিকা নিতে হবে। যে টিকা নেবে না তাকে চরে থাকতে দেওয়া হবে না। এটা ছিল তাঁর হুকুম।
জেলেদের পাঁচ মাসের জন্য ছাপরা তৈরি করে অস্থায়ীভাবে বসবাস করতে পাস দেওয়া হয়। পাঁচ মাস পরে তারা সেসব ঘর ভেঙে নিয়ে চলে আসে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন
চরে দুই ধরনের মাছের ব্যবসা। চিংড়ি এবং কাঁচা মাছ। চিংড়ির জন্য কামাল উদ্দিনের আছে চারটি ডিপো। সমুদ্রে যত চিংড়ি ধরা পড়ে, তা এসব ডিপোতে চলে আসে।
এখানে সবচেয়ে বড় ব্যবসা শুঁটকির। প্রত্যেক জেলের মাছ শুকানোর নিজস্ব জায়গা আছে। মাছ শুকানোর পর তা বিক্রি করেন নির্দিষ্ট ১২ থেকে ১৫ জন ব্যবসায়ীর কাছে। কামাল উদ্দিন তাঁদের একজন এবং প্রধান। এসব ব্যবসায়ীর নিজস্ব পরিবহন আছে। তাঁরা দেশের বিভিন্ন জেলায় মাছ পাঠান। জেলেরা স্বাধীনভাবে মাছ বিক্রি করতে পারেন না। চিংড়ি বা মাছের দাম নির্ধারণ করেন এসব ব্যবসায়ী।
২২ ও ২৩ ফেব্রুয়ারি এই প্রতিবেদক চরের ২০ জনের বেশি মানুষের সঙ্গে কথা বলেন। এর মধ্যে আছে নৌকার মালিক, জেলে, শ্রমিক, দোকানমালিক, মাছ ব্যবসায়ী। তাঁরা বলেছেন, মামার কথার ওপর কেউ কথা বলে না, মামার ইচ্ছার বিরুদ্ধে কেউ মাছ ধরে না, বিক্রি করে না। অন্য ব্যবসায়ীরাও মামার সঙ্গে সুসম্পর্ক রেখে ব্যবসা করেন।
এই এলাকায় চারটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় চরে বা সমুদ্রে থাকা মানুষ এসব কেন্দ্রে আশ্রয় নেন। এর একটি কেন্দ্রে স্থায়ীভাবে বসবাস করেন কামাল উদ্দিন। মাছ পরিবহনের জন্য বড় বড় ট্রলার ছাড়াও এলাকায় তাঁর আছে বেশ কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা। তিনি নিজে স্পিডবোট চালিয়ে এক চর থেকে অন্য চরে যান।
কামাল উদ্দিন আহমেদ মেজর জিয়া উদ্দিন আহমেদের ছোট ভাই। মেজর জিয়া উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাবসেক্টরের কমান্ডার ছিলেন। সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়ার পর আশির দশকে তিনি জেলেদের সংগঠিত করে দুবলারচর এলাকায় মাছের ব্যবসা শুরু করেন। এখন তাঁর উত্তরসূরি হিসেবে কাজ করছেন কামাল উদ্দিন আহমেদ।
কে কোথায় ঘর বানাবে, মাছ শুকাবে, দোকান দেবে তার মধ্যস্থতা আমরা করি, যেন কোনো ঝগড়া, মারামারি না হয়। জেলেরা বন বিভাগ বা প্রশাসনের কারণে সমস্যার মুখে পড়লে আমরা এগিয়ে যাইমামা নামে পরিচিত কামাল উদ্দিন
পাঁচ মাসের বনবাস
সুন্দরবন সংরক্ষিত বনভূমি। এ বনে ঢুকতে হলে বন বিভাগের অনুমতির প্রয়োজন হয়। যেমন সুন্দরবনে ভ্রমণে গেলেও অনুমতি নিতে হয়। সুন্দরবনে কাঠ, মাছ, কাঁকড়া, মধু, গোলপাতা সংগ্রহ করতে হলে অনুমতি বা পাস থাকতে হয়। প্রতিটি ব্যক্তির পাস যেমন দরকার, তেমনি দরকার নৌকার পাস।
দুবলারচরের জেলেরা মাছ ধরেন সমুদ্রে। কিন্তু এ মাছ ধরার অনুমতিও তাঁরা নেন বন বিভাগ থেকে। যদিও সমুদ্র বন বিভাগের আওতাধীন নয়।
চরের মানুষ বলেছেন, বন বিভাগের পাস পাওয়ার জন্য কামাল মামা ও তাঁর সহযোগীরা সহায়তা করেন। চরে আসার পর কে কোথায় ছাপরা তৈরি করবেন, তা ঠিক করে দেন মামারাই।
বঙ্গোপসাগরে মাছ ধরার উপযুক্ত সময় অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু করে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। এ সময় সাগর তুলনামূলকভাবে উত্তাল কম থাকে। অক্টোবরে জেলেরা ব্যক্তি ও নৌকার পাসের পাশাপাশি বনভূমিতে অবস্থানের জন্য পাস সংগ্রহ করেন।
বনের জমিতে থাকার ব্যাপারে জানতে চাইলে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘জেলেদের পাঁচ মাসের জন্য ছাপরা তৈরি করে অস্থায়ীভাবে বসবাস করতে পাস দেওয়া হয়। পাঁচ মাস পরে তারা সেসব ঘর ভেঙে নিয়ে চলে আসে।’
চরের মানুষ বলেছেন, বন বিভাগের পাস পাওয়ার জন্য কামাল মামা ও তাঁর সহযোগীরা সহায়তা করেন। চরে আসার পর কে কোথায় ছাপরা তৈরি করবেন, তা ঠিক করে দেন মামারাই।
মামা নামে পরিচিত কামাল উদ্দিন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতিও। তিনি বলেন, ‘কে কোথায় ঘর বানাবে, মাছ শুকাবে, দোকান দেবে তার মধ্যস্থতা আমরা করি, যেন কোনো ঝগড়া, মারামারি না হয়। জেলেরা বন বিভাগ বা প্রশাসনের কারণে সমস্যার মুখে পড়লে আমরা এগিয়ে যাই।’ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র দখল করার ব্যাপারে তিনি বলেন, ‘ওই সাইক্লোন সেল্টার ভাঙাচোরা, থাকার উপযুক্ত নয়।’
নিউমার্কেট
আলোর কোল এলাকায় আছে বড় একটি বাজার। মানুষ এর নাম দিয়েছে ‘নিউমার্কেট’। একাধিক দোকানের মালিক বলেছেন, ৯০টি দোকানের অনুমতি রয়েছে। কিন্তু দোকানের সংখ্যা প্রায় দুই শ। বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিস এখানে পাওয়া যায়।
বিশাল মুদিদোকান ছাড়াও আছে খাবার হোটেল, মিষ্টির দোকান, ওষুধের দোকান, কাপড়ের দোকান, শীতের পোশাকের দোকান, ফলের দোকান, সবজির দোকান। আছে বেশ কয়েকটি ওয়ার্কশপ। আছে মুরগির দোকান। শুধু মাছের কোনো দোকান নেই। আর একাধিক ব্যক্তি বলেছেন, সব জিনিসের দাম এখানে বেশি, শুধু জিলাপির দাম কম।
একজন সবজি দোকানদার বলেছেন, শাকসবজি আসে খুলনা শহর থেকে। আনার জন্য বাজার কমিটির ট্রলার আছে। এ ছাড়া যেসব ট্রলার মাছ নিয়ে খুলনায় যায়, তারা ফেরার সময় মালামাল নিয়ে আসে। একজন মুদিদোকানদার বলেছেন, তাঁর নিজস্ব ট্রলার আছে। তবে কোন দোকান কোথায় বসবে, তা ঠিক করে দেন মামারা। কোন দোকানে কত মানুষ কাজ করছে, তার হিসাবও দিতে হয়।
চরে শুধু টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায়। চরে টেলিটকের সিম কিনতে পাওয়া যায়। অন্তত তিনটি দোকানে কয়েকজন যুবককে কম্পিউটার কাজ করতে দেখা গেছে। তাঁরা টেলিটকের সিমও বিক্রি করেন।
একজন দোকানি বলেছেন, তিনি ৫০০ টাকা দিয়ে চরে থাকার পাস করেছেন। এরপর বাজার কমিটি আরও ৫০০ টাকা নিয়েছে। এ ছাড়া আরও ৫০০ টাকা অন্য একটি পক্ষকে দিতে হয়েছে। অনুমোদিত বা অননুমোদিত সব দোকানের মালিককেই এভাবে টাকা দিতে হয়।
একজন সবজি দোকানদার বলেছেন, শাকসবজি আসে খুলনা শহর থেকে। আনার জন্য বাজার কমিটির ট্রলার আছে। এ ছাড়া যেসব ট্রলার মাছ নিয়ে খুলনায় যায়, তারা ফেরার সময় মালামাল নিয়ে আসে। একজন মুদিদোকানদার বলেছেন, তাঁর নিজস্ব ট্রলার আছে। তবে কোন দোকান কোথায় বসবে, তা ঠিক করে দেন মামারা। কোন দোকানে কত মানুষ কাজ করছে, তার হিসাবও দিতে হয়।
চুক্তিতে কাজ করেন জেলেরা
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছিলেন, দুবলারচর এলাকায় প্রায় ২০ হাজার মানুষ মাছ ধরার কাজে যুক্ত। কামাল উদ্দিন এই প্রতিবেদককে বলেছিলেন, চরে প্রায় ১০ হাজার মানুষ থাকে। চরের মানুষ বলেছেন, তাঁদের সংখ্যা ১০ হাজারের অনেক বেশি।
মাছ ধরায় দক্ষ যাঁরা, পাঁচ মাসের জন্য তাঁদের বেতন ৮০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত। অন্যদের বেতন ৩০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে। মৌসুম শুরুর আগে অর্ধেক বেতন পরিশোধ করা হয়। বাড়ি ফিরে বাকি টাকার হিসাব।
নৌকার মালিকেরা সাধারণত বড় ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে নৌকা সাগরে ভাসান। এসব নৌকা প্রতিদিন ৪০ থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে গিয়ে সমুদ্রে জাল ফেলে। সমুদ্রে ধরা মাছ নির্দিষ্ট ব্যবসায়ীদের কাছেই বিক্রি করতে হয়। প্রতিদিন মাছের দাম কী হবে, তা ব্যবসায়ীরা ঠিক করেন। এ ব্যবস্থার বাইরে গিয়ে এ এলাকায় কেউ মাছ ধরতে পারেন না।
জেলেদের নিয়ে এক দশকের বেশি সময় ধরে কাজ করছে খুলনার বেসরকারি সংস্থা অ্যান অর্গানাইজেশন ফর সোশিও–ইকোনমিক ডেভেলপমেন্ট (অ্যাওসেড)। অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফীন প্রথম আলোকে বলেন, দুবলারচরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার পাশাপাশি একটি অস্থায়ী স্বাস্থ্যশিবির করা প্রয়োজন। সরকার নৌকার মালিকদের ব্যাংকঋণের ব্যবস্থা করতে পারে।
এখানে মাছ ধরতে আসা নৌকার মালিক বা জেলেদের সমস্যা জানানোর কোনো জায়গা নেই। সংগঠিত হওয়ার সাহসও কেউ দেখান না। এখানে খাসি বা গরুর মাংস খাওয়ার ইচ্ছা হলে আগে বন বিভাগের অনুমতি নিতে হয়। খুলনা জেলার কয়রা উপজেলার এক যুবক প্রথম আলোকে বলেন, পাঁচ মাসের চুক্তিতে তাঁকে আনা হয়েছে। এ পর্যন্ত বেতনের অর্ধেক ৩৫ হাজার টাকা তিনি পেয়েছেন। পাঁচ মাস পর তাঁকে আরও ১৫ দিন বেশি কাজ করতে হবে। বাড়তি সময়ের জন্য তাঁকে বাড়তি টাকা দেওয়া হবে না। কাজ না করে তিনি বাড়িতেও ফিরতে পারবেন না।