দুবাই থাকলেও মেলে মেডিকেল সনদ!
আতাউর রহমান ২০০৮ সাল থেকে দুবাইয়ে বসবাস করছেন। তিনি ২০০৯ সালের ১ নভেম্বর সিলেটে একটি ঘটনায় আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিত্সা নিয়েছেন মর্মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে দেওয়া হয়েছে চিকিত্সা-সনদ। এ সার্টিফিকেটের বদৌলতে থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার তদন্ত শেষে বাদীর এ মিথ্যাচারকে সংশোধন করে গত বছরের ২৬ ডিসেম্বর দাখিল করা অভিযোগপত্রে একটি ব্যাখ্যা দিয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের কোতোয়ালি থানায়।পুলিশ সূত্র জানায়, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের আটগাঁও (কেওয়া) এলাকার অলিউর রহমান গত বছরের ১ নভেম্বর তাঁর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় একই গ্রামের লাহিম মিয়াসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় তিনিসহ তাঁর আরও দুই ভাই আহত হয়েছেন বলে মামলায় একটি চিকিত্সা-সনদ সংগ্রহ করে দেন। এতে অলিউরের সঙ্গে আহত হয়েছেন বলে আতাউর রহমান ও মুহিবুর রহমানের নামে চিকিত্সা-সনদ দেওয়া হয়। এর মধ্যে আতাউর ২০০৮ সালের জুলাই মাস থেকে দুবাইয়ে আছেন। লাহিম মিয়ার মা নূরুন্নেছা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করলে গত মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের উপকমিশনারের কার্যালয়ে এ নিয়ে প্রাথমিক তদন্ত হয়। এ সময় দুবাইপ্রবাসীর নামে চিকিত্সা-সনদ দেওয়া এবং এর ওপর ভিত্তি করে অভিযোগপত্র দাখিলের বিষয়টি ধরা পড়ে।লাহিমের মা নূরুন্নেছা প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসে জানান, ওই দিন ছেলে লাহিম ও তাঁর কয়েকজন নিকটাত্মীয়সহ চারজনের ওপর হামলা চালায় অলিউরের লোকজন। এ ঘটনায় পর দিনই তিনি বাদী হয়ে একটি মামলা করেন। কিন্তু তিনি মামলা করার আগেই পুরো ঘটনা ধামাচাপা দিতে উল্টো একটি ঘটনা সাজিয়ে অলিউর মামলা করেন। এতে তাঁর আহত ছেলে লাহিমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়। ওই মামলায় দুবাইপ্রবাসী আতাউরকে লাহিম মারধর করেছে বলে অভিযোগ আনা হয়েছে। ভুয়া চিকিত্সা-সনদ সংগ্রহ করে তদন্তকারী পুলিশ কর্মকর্তার যোগসাজশে মিথ্যা ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে নূরুন্নেছা অভিযোগ করেন।আহত হয়েছেন বলে দুবাইপ্রবাসী আতাউরের নামে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া ওই চিকিত্সা-সনদে (এমসি- মেমো নম্বর- ৩১১৮, রেজিস্ট্রেশন নম্বর ১৯৯৩৪) উল্লেখ রয়েছে, আতাউর রহমান (৩০) ২০০৯ সালের ১ নভেম্বর ভর্তি হয়েছিলেন এবং ওই দিনই চিকিত্সা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।মামলার বাদী ও আতাউরের বড় ভাই অলিউর রহমান প্রথম আলোর কাছে স্বীকার করেন যে আতাউর রহমান ২০০৮ সালের জুলাই মাস থেকে দুবাইয়ে রয়েছেন। চিকিত্সা-সনদ সংগ্রহ করার ক্ষেত্রে নামের ‘ভুল’ হয়ে গেছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাই ফয়জুর রহমানকে আতাউর রহমান নাম দিয়ে হাসপাতালে ভর্তি করায় এমন হয়েছে বলে তিনি জানান। তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার এসআই হারুন মজুমদার বলেন, ‘চিকিত্সা-সনদ হাতে আসার পরপরই আদালতে অভিযোগপত্র দাখিল করার বাধ্যবাধকতায় ওই ভুলটি নিয়ে ফের তদন্ত করা সম্ভব হয়নি। এ জন্য আমি একটি সংশোধনী দিয়েছি।’ তিনি দাবি করেন, এ জন্য পুলিশ নয়, যাঁরা চিকিত্সা-সনদ দিয়েছেন তাঁরাই দায়ী।ওই চিকিত্সা-সনদ দিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক ও সহকারী রেজিস্টার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমাকে যে নাম বলা হয়েছিল, সে নামেই সনদ দিয়েছি। এখানে আমাদের কিছু করার থাকে না।’ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘আমার নাম দিয়ে যদি কেউ ভর্তি হয়, তাহলে তো কিছু করার নেই। দায়িত্বটা হলো পুলিশ খতিয়ে দেখবে। এ ব্যাপারে আমাদের দায়িত্ব পালনে কোনো ঘাপলা নেই।