দুবাই থেকে দেশে এসেও বাড়ি ফেরা হলো না জাকিরের
দুবাই থেকে দেশে ফিরেই ১৮ দলের টানা চার দিনের হরতালের মুখে পড়েন প্রবাসী মো. জাকির হোসেন (৪০)। দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। বাড়ি যাওয়ার জন্য অন্য কোনো ধরনের বিকল্প ব্যবস্থা করতে না পেরে অবশেষে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন তিনি।
গতকাল রোববার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর নবী চৌধুরীবাড়ির সামনে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
জাকিরসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রীই দুবাইপ্রবাসী। চালকসহ তাঁরা তিনজন আহত হন।
নিহত মো. জাকির হোসেনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতি ইউনিয়নের মেহেরুন নেছা গ্রামে।
জাকির হোসেনের সহযাত্রী দুবাইপ্রবাসী আহত হাফেজ আহমঞ্চদ দাগনভূঞার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, তাঁরা দুজন গত শনিবার রাত চারটার দিকে দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরেই তাঁরা জানতে পারেন দেশে টানা চার দিনের হরতাল। সে কারণে বাড়ি যাওয়ার জন্য কোনো ব্যবস্থা না হওয়ায় তাঁরা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। অ্যাম্বুলেন্সটির মালিকের বাড়ি নোয়াখালীর কবিরহাট। ইতিমধ্যে আরও একজন দুবাইপ্রবাসী তাঁদের সঙ্গী হন। তাঁর বাড়িও নোয়াখালীর কোম্পানীগঞ্জে। গতকাল সকালে তাঁরা ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে চড়ে রওনা হয়ে কুমিল্লা ও লাকসাম সড়ক দিয়ে নোয়াখালীর চৌমুহনী পৌঁছান। সেখান থেকে দাগনভূঞা হয়ে তাঁরা কোম্পানীগঞ্জ যাবেন।
কিন্তু বাড়ির কাছাকাছি আসার পর বিকেল সাড়ে পাঁচটায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফেনী-নোয়াখালী সড়কের আজিজ ফাজিলপুর গ্রামের নবী চৌধুরীবাড়ির সামনে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে জাকির দুর্ঘটনাস্থলে মারা যান এবং চালকসহ তাঁরা তিনজন আহত হন।
আহত ব্যক্তিদের দাগনভূঞার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একজন দুবাইপ্রবাসী নিহত এবং অপর দুজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। অ্যাম্বুলেন্সের চালক পলাতক রয়েছেন।