দুবাই বিমানের শৌচাগারে ৩২ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের শৌচাগার থেকে ৩২ কেজি সোনা আটক করা হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও শুল্ক কর্তৃপক্ষ আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই শৌচাগার থেকে পরিত্যক্ত অবস্থায় এই সোনা আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুল্ক কর্তৃপক্ষ জানায়, আটক সোনার বাজারমূল্য ১৪ কোটি ৭০ লাখ টাকা।

এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এহতেশামুল হক প্রথম আলো ডটকমকে জানান, দুবাই থেকে আজ সকাল পৌনে ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের বিমানটি ঢাকায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক কর্তৃপক্ষ ও এপিবিএন উড়োজাহাজটির শৌচাগার থেকে ২৮০টি সোনার বার আটক করে। বারগুলো কালো কাপড়ে মোড়ানো ছিল।

ঢাকা কাস্টম হাউসের শুল্ক কমিশনার জাকিয়া সুলতানা জানান, ফ্লাই দুবাইয়ের কাছ থেকে তথ্য পেয়ে সোনার বারগুলো আটক করা হয়েছে। আটক ৩২ কেজি ৬৪ গ্রাম এই সোনার বর্তমান বাজারমূল্য ১৪ কোটি ৭০ লাখ টাকা।